হাসপাতাল থেকে বাসায় আইয়ুব বাচ্চু
১৩ দিন পর গতকাল সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন অনেকটা সুস্থ। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির শব্দ-প্রকৌশলী ও ব্যবস্থাপক শামীম প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাচ্চু ভাই এখন অনেকটা সুস্থ। তাই তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কিছুদিন পর নিয়মিত চেকআপের জন্য হয়তো তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে।’ আইয়ুব বাচ্চুর চিকিত্সক কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিল আগেই জানিয়েছেন, হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর আইয়ুব বাচ্চুকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কনসার্টে অংশ নেওয়া কিংবা ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের হওয়া যাবে না। আর অতিথিদের সঙ্গে যত কম কথা বলা যায়, তাঁর জন্য ততই ভালো হবে। এই সময় তিনি বাসার ভেতরে চলাফেরা এবং প্রয়োজনীয় হালকা ব্যায়াম করতে পারবেন।’এদিকে আইয়ুব বাচ্চুর অসুস্থতার কারণে প্রায় দেড় মাসের সব ধরনের শো বাতিল করা হয়েছে। কনসার্টগুলো বাতিলের সিদ্ধান্তে আইয়ুব বাচ্চু সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হঠাত্ করে অসুস্থ বোধ করায় গত ২৭ নভেম্বর মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।