হাসপাতালে আকবর, চলছে পরীক্ষা-নিরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর অসুস্থ গায়ক আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর পিজি হাসপাতালে চলছে তাঁর প্রয়োজনীয় সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। সেসবের ফল হাতে পেলে চিকিৎসা শুরু হবে বলে জানান গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর বেশ কিছুদিন ধরে অসুস্থ। ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে আক্রান্ত আকবরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ঠিকমতো খেতেও পারছেন না তিনি, কথা বলতেও কষ্ট হচ্ছে। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা জানান, আকবরের অবস্থা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকেরাও তাঁকে নিয়ে চিন্তিত। বেশ আন্তরিকতার সঙ্গে তাঁর দেখভাল করা হচ্ছে।

আট বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। তিন বছর হলো তাঁর শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তে প্রদাহসহ নানা রোগ। তাই আগের মতো এখন আর মঞ্চে গাইতে পারেন না তিনি। গত বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর তাঁর পরিবারকে ডেকে ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। সেই টাকার মুনাফা হিসেবে ৩ মাস পরপর ৪৯ হাজার টাকা ব্যাংক থেকে তোলেন আকবর। সেই টাকা ব্যয় করেন নিজের চিকিৎসা ও সংসারের পেছনে।

হাসপাতালে গায়ক আকবর।
ছবি: সংগৃহীত

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। ‘ইত্যাদি’র মঞ্চ থেকে সেই গান তাঁকে নিয়ে যায় মানুষের কাছে। একই অনুষ্ঠানের পরের পর্বে মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।

খুলনার পাইকগাছায় জন্ম আকবরের, বেড়ে ওঠা যশোরে। গান শেখা হয়নি। তবে তাঁর ভরাট কণ্ঠের কদর ছিল যশোর শহরে। প্রায়ই স্টেজ শোতে গান করার জন্য ডাক পেতেন তিনি। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি সেই গান শুনে মুগ্ধ হয়ে চিঠি লেখেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরকে নিয়ে প্রকাশ করে প্রতিবেদন, সুযোগ দেয় গান গাওয়ার। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর।