হাসপাতালে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সাজিদ খানের হাউজফুল টু ছবির শুটিং করছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুটিংয়ে হঠাত্ পেটে ব্যথা অনুভব করেন তিনি। ইউনিট-সংশ্লিষ্টরা বিষয়টিকে খাওয়ার সমস্যা মনে করেছিলেন। কিন্তু এক দিন পরই এ ব্যথা বাড়তে থাকলে উদ্বিগ্ন হয়ে পড়ে সবাই। শেষে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, গত সোমবার যুক্তরাজ্যর পিটার্সবার্গে হাউজফুল টু ছবির শুটিং চলাকালে মিঠুন চক্রবর্তী পেটে ব্যথার কথাটি সবাইকে জানান। এমনকি শুটিংও করতে চাননি। তখন তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। তবে ব্যথা বেড়ে গেলে উপস্থিত সবার মধ্যে উত্কণ্ঠা বেড়ে যায়। শুটিং ইউনিটের এক সদস্য বলেন, ‘যত দূর জানি মিঠুনদা (মিঠুন চক্রবর্তী) এমনিতে সাধারণ ব্যাপারগুলো খুব একটা আমলে নেন না। কিন্তু তিনি যখন পেটে ব্যথার সমস্যার কথাটি জানান তখন এটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি খুব একটা গুরুতর মনে হয়নি হাসপাতালের চিকিত্সকদের। তাদের পরামর্শে মিঠুন চক্রবর্তীকে গতকাল মঙ্গলবারই সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ এদিকে হাউজফুল টু ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘মিঠুনদার পরিস্থিতি খারাপ দেখা মাত্রই আমরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিই। তবে বর্তমানে তিনি বেশ ভালোই আছেন। পুরোপুরি তিনি বিশ্রামে রয়েছেন।’মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় বলেন, ‘বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। তাঁর এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাউজফুল টু ছবির শুটিং শেষে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।’ টাইমস অব ইন্ডিয়া।