হাসপাতালে চাষী নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম

ওরা ১১ জন ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন তিনি।
সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন চাষী নজরুল ইসলাম। আকরাম হোসেন বলেন, ‘গত মে মাস থেকেই তিনি আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭ ডিসেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। জীবাণুর সংক্রমণ হওয়ায় তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে। তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।’
চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী প্রথম আলোকে জানিয়েছেন, চাষী নজরুল ইসলামের শরীরে ক্যানসার ধরা পড়েছে। তাঁর পুরো শরীরে পানি চলে এসেছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জ্যোৎস্না কাজী।
চাষী নজরুল ইসলামের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন গুণী এ চলচ্চিত্রনির্মাতা। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধের ছবি ওরা ১১ জন পরিচালনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা ১১ জন, সংগ্রাম, দেবদাস, শুভদা, মিয়া ভাই, বেহুলা লক্ষ্মীন্দর, পদ্মা মেঘনা যমুনা, হাঙর নদী গ্রেনেড, হাছন রাজা, মেঘের পরে মেঘ, শাস্তি, সুভা ইত্যাদি।