হাসপাতালে ভর্তি হলেন শর্মিলা ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতৌদির সাবেক নবাব প্রয়াত মনসুর আলী খান স্মরণে বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর স্ত্রী শর্মিলা ঠাকুরের। কিন্তু হঠাত্ করে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন ৬৮ বছর বয়সী প্রখ্যাত এ অভিনয়শিল্পী। সম্প্রতি এক খবরে পিটিআই জানিয়েছে, আশলোক নার্সিং হোমে ভর্তি হয়েছেন শর্মিলা ঠাকুর। সেখান থেকে তিনি জানিয়েছেন, ‘বক্তব্য দেওয়ার জন্য চেন্নাই যেতে না পারায় আমি খুবই দুঃখিত। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় সেখানে কোনোভাবেই যাওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে, আমাকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে।’শর্মিলা আরও বলেন, ‘সাইফ “বুলেট রাজা” ছবির শুটিং করছে। আর সোহা ব্যস্ত আছে তার অভিনীত “সাহেব বিবি অউর গ্যাংস্টার রিটার্নস” ছবির প্রচারণার কাজে। সাবাও ওই দিন ব্যস্ত ছিল তার ব্যক্তিগত কাজ নিয়ে। আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কেবল আমার হাতেই কোনো কাজ ছিল না। এ জন্য অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার কথা ছিল আমার। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। এ জন্য আবারও দুঃখ প্রকাশ করছি আমি।’