হাসপাতালে মান্না দের পাশে কলকাতার পুলিশ

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের নারায়ণন হূদয়ালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। এখানেই গত চার মাস চিকিৎসাধীন আছেন মান্না দে। তাঁর অর্থ আত্মসাতের মামলাটি এখন তদন্ত করছে কলকাতার গিরিশ পার্ক থানার পুলিশ। গত শনিবার এই থানার পুলিশ কর্মকর্তা এইচ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে মান্না দের সঙ্গে দেখা করে। তারা মান্না দের সঙ্গে কথা বলে। এ সময় মান্না দে তাদের ৩০ লাখ টাকা আর ব্যাংকের লকারে থাকা স্বর্ণালংকার উদ্ধারের জন্য অনুরোধ করেন।
কলকাতার রাজারহাট-নিউটাউনে তিন হাজার বর্গফুটের একটি জমি আছে মান্না দের নামে। জায়গাটি রক্ষার জন্যও পুলিশকে অনুরোধ জানান মান্না দে। এরই মধ্যে তিনি এই জমির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্ব দিয়েছেন মেয়ে সুমিতা দে ও মেয়ের জামাই জ্ঞানরঞ্জন দেবকে।
২০০৭ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মান্না দেকে কলকাতায় স্থায়ীভাবে ফিরিয়ে আনার জন্য জমিটি দিয়েছিলেন।
ভাইপো তড়িৎ দের সঙ্গে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কলকাতার বিবেকানন্দ রোড শাখায় একটি যৌথ হিসাব খুলেছিলেন মান্না দে। সঙ্গে ছিল একটি লকারও। ব্যাংকের এই হিসাবে গচ্ছিত ছিল মান্না দের ৩০ লাখ রুপি আর লকারে ছিল স্ত্রীর স্বর্ণালংকার ও নিজের প্রিয় ঘড়ি। মান্না দেকে না জানিয়ে তড়িৎ এই হিসাব থেকে অর্থ, স্বর্ণালঙ্কার ও ঘড়ি সরিয়ে নেন।