হাসপাতালে হৃত্বিক রৌশন
বলিউড অভিনেতা হৃত্বিক রৌশনকে গতকাল রোববার বিকেলের দিকে অনেকটা তাড়াহুড়া করে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়। হঠাৎ শ্বাসকষ্ট অনুভব হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। তবে অবস্থা তেমন গুরুতর নয় বলে জানা গেছে। হাসপাতালে ভর্তির পর হৃত্বিক বলেন, ‘ভাগ্যিস সময়মতো চিকিৎসা নিতে পেরেছি। যদি হাসপাতালে যেতে ১৫ মিনিটও দেরি হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।’ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ছবি ‘গুজারিশ’-এর প্রচারের কাজে ধকল যাওয়ার পর হৃত্বিক অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করেছিলেন। আর তা থেকেই এলার্জি শুরু হয় তাঁর। শ্বাসকষ্ট ও শ্বাসনালীর সমস্যা অনুভবের কারণেই তিনি হাসপাতালে এসে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে তাঁকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করেই ছেড়ে দেওয়া হবে বলে রৌশন পরিবার সূত্রে জানা গেছে। এদিকের হৃত্বিকের চিকিৎসকও জানিয়েছেন, তিনি এখন মোটামুটি ভালোই আছেন। খুব শিগগির তাঁকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে।