হাসান আজিজুল হকের গল্প নিয়ে নাটক

কথাশিল্পী হাসান আজিজুল হকের গল্প ‘ফেরা’ এবার রূপান্তরিত হলো নাটকে। বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় তৈরি ফেরা প্রচারিত হবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা আলেফ ও তাঁর স্ত্রী কুসুমের জীবনের নানা বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের কাহিনি; পাশাপাশি এখানে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের অন্য রকম অংশগ্রহণের কাহিনি।
মূল গল্প অক্ষুণ্ন রেখে ফেরার চিত্রনাট্য লিখেছেন সাঈদ সুমন। প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকে আলেফ ও কুসুম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও ফারজানা ছবি। আরও অভিনয় করেছেন আফরোজা বানু, মোমেনা চৌধুরী, শাহ আলম দুলাল, সাঈদ সুমন, সুজাত শিমুল, আরিফ হোসেন প্রমুখ।
এদিকে ‘ফেরা’ গল্পের নাট্যরূপ প্রসঙ্গে হাসান আজিজুল হক বলেন, ‘অনেক দিন আগে লিখেছিলাম গল্পটি। আজ এত বছর পর সেই গল্প আবার নাটক হয়ে ফিরে আসছে—ভালোই তো লাগছে ভাবতে!’