হাসান ইমামকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে ‘শিল্পী সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদ’। এ আয়োজনের মধ্যে আছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘নীল ছোঁয়া কিংবদন্তি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানানো ছাড়াও থাকবে সম্মাননা গ্রন্থ প্রকাশ ও তথ্যচিত্র প্রদর্শন, সংগীত, নৃত্য আর আবৃত্তি পরিবেশনার আয়োজন।
সকালে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদের সদস্যসচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লায়লা হাসান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার, মনোজ সেনগুপ্ত, রফিকুল ইসলাম, মানজারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সামনে রেখে বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে জাতীয় উদ্যাপন পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী।
শুভেচ্ছা নিবেদন করার উদ্দেশ্য করে নিবেদিত মানপত্রটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমামের ওপর লেখা নীল ছোঁয়া কিংবদন্তি শিরোনামে একটি সম্মাননা বইয়ের মোড়ক উন্মোচিত হবে।