
অভিনয় জীবন তাঁর শুরু হয়েছিল ১৯৫৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানের রাজ কলেজের একটি নাটকে। তারপর দীর্ঘ ছয় দশক পেরিয়ে গেল সৈয়দ হাসান ইমামের শিল্পীজীবনের। এই ছয় দশকে তিনি ১৫০টি চলচ্চিত্র, ৫০টি মঞ্চনাটক ও ১০০ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি অংশ নিয়েছেন দেশের মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক আন্দোলনেও। গতকাল শনিবার শিল্পীজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে তাঁর সম্মাননা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, উদীচী, খেলাঘর, জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সৈয়দ হাসান ইমামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। পরে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন আমীর-উল-ইসলাম, মিজানুর রহমান, মুজাহিদুল ইসলাম সেলিম, পার্থ প্রতীম মজুমদার, ইনামুল হক, লে জে হারুনার রশীদ (অব.),আয়েশা খানম ও তাঁর স্ত্রী লায়লা হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক শফিকুল ইসলাম। শিল্পী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্বে ছিল গান। নির্ধারিত শিল্পী ছিলেন শারমিন সাথী ও বিশ্বজিৎ রায়। অনিবার্য কারণে শারমিন সাথী আসতে পারেননি বলে জানানো হয়। ভাষার গান ‘একটি গোলাপ তুমি’ গেয়ে গানের পালা শুরু করেন বিশ্বজিৎ রায়। নজরুলসংগীত, মুকুন্দ দাস, গোপাল প্রিয়া, দুরবিন শাহ, লাল চাঁদ বড়াল, সুধীর লাল, রাধারমণের গানসহ বিভিন্ন আঙ্গিকের প্রায় কুড়িটি গান গেয়ে শোনান তিনি। এর মধ্যে ছিল ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘খেলাঘর মোর’, ‘ওই দেখা যায় বাড়ি আমার’, ‘কত রং দেখবি কলিতে’, ‘নামাজ আমার হইল না আদায়’,‘সুন্দরী কার কথায়’, ‘আমি যার কারণে বৃন্দাবনে’ এসব। গানের আসর তিনি শেষ করেছিলেন ‘ভ্রমর কইও গিয়া গানটি গেয়ে।