হাসান মাসুদের ‘রোমান্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা হাসান মাসুদ। তাঁর এবারের চলচ্চিত্রের নাম ‘রোমান্স’। পরিচালক অনন্য মামুন। এরই মধ্যে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছেন হাসান মাসুদ। এ নিয়ে পঞ্চমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। আবারও ছবিতে অভিনয় প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, পরিচালকের সঙ্গে আলাপ করে যতটুকু জেনেছি, ছবিটির গল্প বেশ মজার। পুরো ছবিটি তিনটি সমান্তরাল চরিত্র নিয়ে এগিয়ে যাবে। এর একটি হচ্ছে আমার। সবকিছু মিলিয়ে ভালো লাগায় ছবিটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। হাসান মাসুদ আরও বলেন, বড়পর্দায় অভিনয়ের ইচ্ছেটা সব সময় একটু বেশিই থাকে। কারণ, বড়পর্দায় কাজ করলে খুব সহজে সাধারণ দর্শকের কাছাকাছি যাওয়া সম্ভব হয়। তবে আমরা যারা নাটক থেকে চলচ্চিত্রে অভিনয় করতে আসি, তাদের প্রত্যাশাটা একটু বেশিই থাকে। অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও তাই সব ধরনের ছবিতে অভিনয় করা সম্ভব হয় না। ১৯ জুলাই মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রোমান্স’ ছবির শুটিং শুরু হবে। হাসান মাসুদ ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, দুই নবাগত মারজান ও জেনিফার প্রমুখ।হাসান মাসুদ অভিনীত প্রথম চলচ্চিত্রটি ছিল ‘ব্যাচেলর’। এরপর তিনি অভিনয় করেন ‘মেড ইন বাংলাদেশ’ ছবিতে। দুটি ছবিরই পরিচালক ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছাড়া মনতাজুর রহমান আকবরের ‘ছোট্ট সংসার’ এবং এফ আই মানিকের ‘সৌভাগ্য’ ছবিতেও কাজ করেছেন হাসান মাসুদ। প্রথম তিনটি ছবি মুক্তি পেয়েছে, তবে ‘সৌভাগ্য’ ছবিটি এখনো মুক্তি পায়নি।এদিকে এবারের ঈদের জন্য ২০টির মতো নাটকে অভিনয় করেছেন হাসান মাসুদ। ঈদের নাটকের ব্যাপারে তিনি বলেন, ‘গত কয় মাস যে কজন নির্মাতার নাটকে অভিনয় করেছি, তাঁরা সবাই বলেছেন ঈদে প্রচারের জন্য নাটকগুলো নির্মাণ করেছেন। তবে আমার মনে হয়, তিন-চারটির বেশি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা নেই। যত দূর জানতে পেরেছি, এবারের ঈদের জন্য সব মিলিয়ে ৬০০টির মতো নাটক নির্মিত হয়েছে। এতগুলো নাটক তো আর ঈদে প্রচার করা সম্ভব না।’অন্যান্য নির্মাতার নাটকের পাশাপাশি এবারের ঈদে হাসান মাসুদের নিজের ভাবনায়ও একটি নাটক নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন শাহজাদা মামুন। ‘ভুলো না আমায়’ শিরোনামের নাটকটি নিয়ে হাসান মাসুদ নিজে অনেক বেশি আশাবাদী বলেও জানান।