হাসান শাহরিয়ার ৫ প্রশ্ন
আজ ১৯ জুলাই থিয়েটারওয়ালা রেপাটরি-র প্রথম প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস-এর ৫০তম প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার। একটি বিশেষ চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। অন্যদিকে তিনি নাট্যপত্রিকা থিয়েটারওয়ালা-র সম্পাদক ও থিয়েটারট্রুপ থিয়েটারওয়ালা রেপাটরি-র অধিকর্তা । আজকের পাঁচ প্রশ্নে উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।থিয়েটারওয়ালা রেপাটরি প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট-এর আজ ৫০তম প্রদর্শনী। অনুভূতি কেমন?আজকাল যেকোনো নাটকেরই ৫০টি প্রদর্শনী করতে পারায় বাড়তি আনন্দ যোগ হয়। আমার বেলাতেও তাই। গ্রুপ থিয়েটারের চেয়ে রেপাটরিতে নিয়মিত কাজ করা অনেক কঠিন। রেপাটরির চরিত্রই হলো বিভিন্ন নাট্যদল থেকে শিল্পী নিয়ে একটি নাটকের ওপর কাজ করা। শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটিও তাই। শাহযাদ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে নাটকটি আমি রচনা করেছি, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। অন্য ডিজাইনগুলোও করেছেন বিভিন্ন দলের ডিজাইনাররা। নাটকের অভিনেতারাও বিভিন্ন দলের। সবার সহযোগিতার কারণেই খুব কম সময়ে নাটকটির ৫০টি প্রদর্শনী করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে রেপাটরির ভবিষ্যৎ কী?গ্রুপ থিয়েটার চর্চার পাশাপাশি রেপাটরির চর্চা আরও বাড়ানো উচিত। তবে এর প্রধান অন্তরায় হচ্ছে পৃষ্ঠপোষকতা। আপাতত আমাদের নাট্যজনদের মধ্যে যাঁদের সঙ্গে বিজ্ঞাপনদাতাদের সুসম্পর্ক আছে কিংবা যাঁরা আর্থিকভাবে সচ্ছল, তাঁরা রেপাটরি চর্চাটা বেগবান করতে পারেন। থিয়েটারওয়ালা রেপাটরি-র পরবর্তী কাজের খবর কী?আমাদের পরবর্তী নাটকের নির্দেশনা দেবেন ফয়েজ জহির। অনেক দিন ধরেই নতুন পাণ্ডুলিপি খোঁজা হচ্ছে। পছন্দসই পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে না। পেলেই কাজ শুরু হবে।থিয়েটারওয়ালা পত্রিকার খবরাখবর কী?এ পর্যন্ত বের হওয়া থিয়েটারওয়ালা পত্রিকার সব লেখা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। আগামী দু-তিন মাসের মধ্যে এ কাজ শেষ হবে। সাইটে নিয়মিত লেখাও ছাপা হবে। সেখান থেকে বাছাই করে বছরে একটি প্রকাশনা বের করা হবে।থিয়েটারওয়ালা-র আর কোনো কাজ?অক্টোবর মাস থেকে এক বছরব্যাপী পাঠচক্র আয়োজন করতে যাচ্ছি। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করা হচ্ছে। পাঠচক্রে বিশ্বসেরা ২৫টি নাটক, যেগুলো আমাদের দেশে ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে, সেগুলোর পাঠ ও আলোচনা হবে।