
রুশ নাট্যকার আন্তন চেখভের একটি নাটকের নাম সোয়ান সং। বাংলা ভাষায় নানা রঙের দিন নামে নাটকটির রূপান্তর করেছেন অজিতেষ বন্দ্যোপাধ্যায়। নাটকের একটি সংলাপের কথা বলি, ‘লোকেরা সারা দিন খেটে-খুটে আসলে, তাদের আনন্দ-বিনোদন দেওয়াই হলো নাটকওয়ালাদের পবিত্র দায়িত্ব।’ সংলাপটি অপ্রিয় সত্য। তারই সত্যতা খুঁজে পেলাম সেদিন। ৭ নভেম্বর সন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সামনে অসংখ্য দর্শকের সমাগম। তাঁদের কয়েকজনের সঙ্গে আলাপ হলো খানিকটা। তাঁরা সবাই নাকি এসেছেন হাসির নাটক দেখতে। একজন দর্শক তো নিজের মুঠোফোনে তাঁর এক সুহূদকে বলেই বসেছেন, ‘দোস্ত, শিল্পকলায় কঞ্জুস নাটক দেখতে এলাম। খুব হাসির নাটক। দেখবি?’
মঞ্চে হাসির নাটকের কথা বললে খুব সহজেই উঠে আসে ফরাসি নাট্যকার মলিয়েরের নাম। নাটকের মধ্য দিয়ে হাসতে হাসতে অনেক কঠিন কথা বলে থাকেন এই নাট্যকার। তাঁর এ রকম দুটি নাটক নিয়ে জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী নাট্যোৎসবের। ‘মলিয়ের ড্রামা ফেস্টিভ্যাল’ নামে নাট্যোৎসবটি আয়োজন করেছে সাত্ত্বিক নাট্যসম্প্রদায়। নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যা সাতটায়। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে মলিয়েরের মাইজার অবলম্বনে কঞ্জুস নাটক। এই দিন ছিল নাটকটির ৬২৭তম প্রদর্শনী। উৎসবের প্রথম দিনে দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে বেশ ভালোই লাগল। কোনো কোনো দর্শককে দেখা গেল পরের দিনের নাটকের খোঁজ নিতে। তাই তো, পরের দিন কী নাটক হবে?
৮ নভেম্বর মঞ্চস্থ হলো মলিয়েরের লা মেডিসিনো মালগ্রে লুই অবলম্বনে পেজগি নাটক। এরই মধ্যে হাতে পেলাম উৎসবের নাটকগুলোর লিফলেট। কঞ্জুস নাটকটি ছিল লোকনাট্য দলের প্রযোজনা। রূপান্তর ও নাট্যনির্দেশনা দিয়েছিলেন তারিক আনাম। সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের প্রযোজনায় পেজগির রূপান্তর করেছেন অপু আমান। নিদের্শনা দিয়েছেন কামরুজ্জামান তোপা। জানা গেছে, মলিয়েরের নাটক নিয়ে এটি সাত্ত্বিকের দ্বিতীয় নাট্যোৎসব। ‘সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের ১৯ বছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে পেজগি নাটকের শততম প্রদর্শনী সম্পন্ন হওয়ায় আমরা নাট্যোৎসবটির আয়োজন করেছি। উৎসবে নাটকের প্রদর্শনী ছাড়াও ছিল পেজগির শততম প্রদর্শনী উপলক্ষে বিশেষ আলোচনা।’ বললেন সাত্ত্বিকের সাধারণ সম্পাদক সগীর মোস্তফা। পেজগির সব কুশীলবের চোখে-মুখে যেন বাঁধভাঙা আনন্দ। কারণ একটাই।
৮ নভেম্বর নাটকটির শততম প্রদর্শনীতে কুশীলবদের হাতে তুলে দেওয়া হলো পেজগির শততম প্রদর্শনী ক্রেস্ট।