হাসি-ঠাট্টায় এগিয়ে চলে অনুষ্ঠান

ঈদ উৎসব মানেই আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ আয়োজন। সব চ্যানেলেই ঈদ আয়োজনের একটা বড় বৈশিষ্ট্য হলো তারকাদের নিয়ে টক শো ধাঁচের অনুষ্ঠান। সেটে বসেই সারা যায় অনুষ্ঠান। উপস্থাপক একজন বা দুই-তিনজন জনপ্রিয় তারকার সঙ্গে কথা বলতে থাকেন কাজ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে। হাসি-ঠাট্টা-মশকরায় এগিয়ে চলে অনুষ্ঠান।
ঈদুল আজহার অনুষ্ঠানমালাতেও তারকার অংশগ্রহণে অনুষ্ঠানের সংখ্যা কম ছিল না। গত ঈদুল ফিতরের মতো এবারও নায়িকা অপু বিশ্বাসের অংশগ্রহণ ছিল বেশি। শাকিব খান আর বুবলীর দুটি ছবি মুক্তি পেয়েছে এ ঈদে, তাই এই দুজনকে নিয়েও আয়োজন দেখা গেল।
বাংলাভিশনের ‘তারায় তারায় উৎসবের গল্প’ অনুষ্ঠানে দেখা গেল মৌসুমী, ফেরদৌস আর পূর্ণিমাকে। উপস্থাপক সোনিয়া হোসেন। টক শোর মতো অনুষ্ঠান তখনই ভালো লাগে বা দর্শকের নজর কাড়ে, যখন অংশগ্রহণকারীদের আলাপচারিতা বুদ্ধিদীপ্ত আর রসবোধসম্পন্ন হয়। এই তিন তারকার কথায় এ দুটি বিষয়ই খুব ভালোভাবে রয়েছে। তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা বললেন, মজা করলেন। সবশেষে বাংলা চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে একসঙ্গে সবাইকে কাজ করার আহ্বানও জানালেন তাঁরা।
চ্যানেল ২৪-এর টুনাইট ঈদ স্পেশাল অনুষ্ঠানটির কথা বিশেষভাবেই বলতে হয়। নাট্যজন আলী যাকের ও সারা যাকের পরিবার নিয়ে এ আয়োজন। সেটে আলী যাকের, সারা যাকের, তাঁদের মেয়ে শ্রেয়া সর্বজয়া এবং দূর থেকে অংশ নিলেন ছেলে ইরেশ যাকের। তাঁদের স্মৃতিচারণায় ফিরে এসেছিল কয়েক দশক আগের ঈদ উৎসব।
তারকার সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠানগুলোর সেট সাধারণত গতানুগতিক হয়, তবে ব্যতিক্রম দেখা গেল ইনডিপেনডেন্ট টিভির ঈদের তারকা অনুষ্ঠানে। অতিথি নুসরাত ফারিয়াও প্রশংসা করলেন সেটের। আলো-ছায়া সুষম বণ্টনে আধুনিক অন্দরসজ্জার চমৎকার এক নমুনা। এতে নুসরাত ফারিয়ার সিনেমাগুলো নিয়েই কথা হলো বেশি। উপস্থাপক একবার জানালেন, নুসরাত ফারিয়ার শুরুটা হয়েছে ‘২০১৪-১৫ ফিসকেলে...।’ অভিধানে ফিসক্যাল শব্দের মানে রাজস্ব-সংশ্লিষ্ট। সাল ধরে বললে ফিসক্যাল ইয়ার বলতে অর্থবছরই বুঝি। একজন অভিনেত্রীর অভিষেকের বছরকে উপস্থাপক ‘ফিসকেল’ কেন বললেন তা বোধগম্য হলো না।
আবার যেমন আরটিভির সেলিব্রিটি শোতে শাকিব খান যখন জানালেন এই ঈদে চলচ্চিত্রে নায়িকা বুবলীর এক বছর পূর্ণ হলো, তখন উপস্থাপক বেশ স্মার্টলি তাঁকে অভিনন্দন জানিয়ে বলে ফেললেন, ‘এক বছর পূর্তির একটা রজতজয়ন্তী আছে।’ এসব ভুল কিন্তু কানে বেশ বাজে।
অন্য রঙে অপু
অনুষ্ঠানের নাম ‘পাঁচ রঙে অপু’। নিজেই উপস্থাপক তিনি। ছোটবেলা থেকে নাচ করেন, নৃত্যশিল্পী হতে পারলে আরও ভালো লাগত, তবে এখন যা হয়েছেন সেটাও ভালো—নিজেই জানালেন। আসলে অনুষ্ঠানটির রং ছিল একটাই—অপু বিশ্বাসের নাচ। সেই রঙের কয়েকটি শেড মানে চার-পাঁচ ধরনের নাচ দেখালেন অপু। নৃত্য নির্দেশনায় ছিলেন ইভান শাহরিয়ার। নাচগুলো ফিউশন না অন্য কিছু তা হয়তো বোদ্ধারা বলতে পারবেন। একটা নাচকে অপু ‘সেমি ক্ল্যাসিক্যাল’ উল্লেখ করলেন। এই সেমি ক্ল্যাসিক্যাল বস্তুটি কী তা জানা নেই। বাংলা বাগধারায় নাচের সঙ্গে উঠানের একটা সম্পর্ক আছে। এই অনুষ্ঠানের উঠান মানে মঞ্চ বাঁকা না হলেও আকার-আকৃতি, সাজসজ্জায় মোটেও নাচের উপযোগী ছিল না। অপু যখন সখা-সখীসহ নাচছিলেন তখন যেন সেখানে তিল ধারণের জায়গা নেই।
পাঁচফোড়নের মসলা দুর্বল
এটিএন বাংলায় ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ছিল পাঁচফোড়ন। দুই উপস্থাপক মীর সাব্বির ও সাজু খাদেমের নাম দেখে আগ্রহ জেগেছিল বেশ। কিন্তু এক ভঙ্গিতে চেয়ারে বসে হাস্যরস তৈরি আর একের পর এক রম্য নাট্যাংশ দেখে ক্লান্তিই ভর করে। প্রতিটা নাট্যাংশের শেষে আবার ঈশপের গল্পের মতো সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা। ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান এটা মোটেও টানে না। নীলফামারীর রবিউলের মাথার চুলের স্টান্ট বিষয় হিসেবে অভিনব, তবে উপস্থাপনা আরও সুন্দর হতে পারত। রবিউলের চুলে ও দুই হাতে রশি বেঁধে তিন দিক থেকে তিনটি মোটরবাইক চালু করে সেই রশি টানলেও তাঁকে সরানো যায় না। গামলা আর দুটি ধাতব পয়সা দিয়ে রংপুরের মো. বাবুলের বাজনা ছিল অভিনব। পুরোনো হলেও লালমনিরহাটের রাশেদুল ইসলাম ও আসমা আক্তারের প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে।