হাসি দিবসে অন্য রকম আয়োজন

গতকাল শুক্রবার দেশে ঘটা করে উদ্যাপিত হলো বিশ্ব হাসি দিবস বা ওয়ার্ল্ড স্মাইল ডে। আয়োজনটি করে বাংলাদেশ কমেডি ক্লাব ও দেশজুড়ে তাদের তত্ত্বাবধানে পরিচালিত প্রায় ৪৫টি কমেডি ক্লাব।
আয়োজনের শুরু হয় বেলা তিনটায়। সব কটি কমেডি ক্লাব একসঙ্গে নিজ নিজ জেলায় র্যালি বের করে। র্যালি শেষে শুরু হয় পথ কমেডি শো। এতে অংশ নেন সংশ্লিষ্ট কমেডি ক্লাবের সদস্যরা।

ঢাকায় একই সময়ে র্যালি শুরু হয় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে। শেষ হয় জাদুঘরের সামনে এসে। এর জাদুঘরের সামনের রাস্তায় অনুষ্ঠিত হয় পথ কমেডি শো। র্যালিতে নেতৃত্ব দেন ভারতের জি বাংলায় কমেডি–বিষয়ক রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ বিজয়ী ও অংশ নেওয়া তারকারা। এ তালিকায় ছিলেন মীরাক্কেল তারকা এমদাদুল হক, কমরউদ্দিন আরমান, সাইফুর রহমান সাইফুল, শাহাজাদা শাহেদ, ফজলুল হক সাকী, মো. তৌহিদ, ম্যাক্স মিস্টেলসহ দেশের পেশাগত স্ট্যান্ডআপ কমেডিয়ানরা।
আয়োজন নিয়ে এমদাদুল হক বলেন, ‘এ দেশে এবারই প্রথম বিশ্ব হাসি দিবস উদ্যাপন করা হচ্ছে। আমরা চেষ্টা করব প্রতিবছর ঘটা করে দিনটি উদ্যাপন করার।’
এদিকে বাংলাদেশ কমেডি ক্লাবের উদ্যোক্তা ও মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি ছিলেন নিজ বিভাগ রাজশাহীতে প্রতিষ্ঠিত ‘রাজশাহী কমেডি ক্লাব’–এর আয়োজনে।