হাসিন!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভালোভাবে পড়ালেখা শেষ করবেন। বিয়েশাদি করে ঘর-সংসার করবেন। কিন্তু পিচ্চি বয়সের এই ভাবনার ছন্দপতন হয় স্কুলে পড়ার শেষ বয়সে এসে। টেলিভিশন দেখার পোকা মাথায় ঢুকে যায়। পেটের ব্যথা, মাথাব্যথা নানা কৌশল অবলম্বন করে টেলিভিশনে চোখ রাখাই তাঁর ছিল আসল কাজ। বিশেষ করে নোবেল-মৌয়ের বিজ্ঞাপন, তারিন কিংবা সুবর্ণা মুস্তাফাদের অভিনয় মনে গেঁথে যেত। মনে মনে ভাবতেন, ইস! যদি ওনাদের মতো করে টেলিভিশনে কাজ করা যেত! এসব নিয়ে নানা স্বপ্নে ডুবে যেত মন।এই স্বপ্নচারিণী মেয়েটি হাসিন। হাসিন রওশন। ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১। প্রতীক্ষার প্রহর কেটে স্বপ্ন হয়েছে পূরণ। তাঁর স্বপ্ন কীভাবে ধরা দিল? প্রশ্ন করি। ‘স্বপ্ন তো স্বপ্নই। ভাবিনি কখনোই এভাবে রাতারাতি টপ মডেল হয়ে যাব। এ ছাড়া আমার পরিবার খুবই রক্ষণশীল। মিডিয়া নিয়ে স্বপ্ন দেখতাম, তবে প্রকাশ্যে না। যাই হোক ২০১১ সালে চ্যানেল আইয়ের বিজ্ঞাপন আসে কাগজে। আমার অজান্তে আমার বোন লুনা ও বন্ধু মিশু আমার হয়ে নিবন্ধন করে। এরপর একদিন চ্যানেল আই থেকে আমার কাছে ফোন আসে। আমি তো আকাশ থেকে পড়লাম। কিছুই জানি না। আমি ওনাদের বলি, আপনারা নিশ্চয়ই ভুল নম্বরে ফোন করেছেন। কিন্তু নাম-ঠিকানা সবই তো ঠিক। পরে জানতে পারলাম আসল কাহিনি।’এত কিছুর পর হাসিন সিদ্ধান্ত নিলেন প্রতিযোগিতায় অংশ নেবেন না। কেননা, একদিকে বাসার সমস্যা, অন্যদিকে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে বন্ধুরা তো নিশ্চিত খেপাবে। ‘পরে আমার বোনের জোরাজুরিতে প্রতিযোগিতায় অংশ নিই।’ তারপর? ‘তারপর ১১০ জনের টিম থেকে ৮০, ৭০, ৫০, ৩০, ২০ পর্যন্ত টিকে গেলাম। এবার মাস ধরে ক্যাম্পে থাকতে হবে। বাসায় মা রাজি না। কোনোমতে বাবাকে রাজি করিয়ে যোগ দিই। এ জন্য মা আমার সঙ্গে এক মাস কথা বলেননি। ক্যাম্পে থাকাকালে আমি ভাবিনি যে প্রথম হব। আমার একটাই ভাবনা ছিল, এখান থেকে ভালো কাজ শিখে মিডিয়াতে কাজ করব।’কিন্তু চূড়ান্ত পর্বে ঘটে গেল ইতিহাস। টপ মডেলের আসনটি তাঁর ঘরেই চলে গেল। ওই মুহূর্তের অনুভূতি কেমন ছিল হাসিনের? উত্তরে হাসিন বলেন, ‘আমি যে প্রথম হব, তা কল্পনাই করিনি। দ্বিতীয়, তৃতীয় স্থান ঘোষণার পর প্রথম হিসেবে আমার নাম যখন ঘোষণা করা হয় আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমার নামটিই ঘোষণা করা হয়েছে! কী যেন ভাবছিলাম! কিন্তু আমি লক্ষ করলাম আমার দিকে সবাই তাকিয়ে, চিত্রগ্রাহকদের ক্যামেরার লেন্স আমার দিকে, তখন আমার স্মৃতি ফিরে আসে, আমি চিৎকার দিয়ে উঠি।’এরপর তো শুরু হলো হাসিনের আরেক জীবন। জীবনের মাত্রায় মিডিয়ার রঙিন জগৎ যোগ হলো। ভিট-চ্যানেল আই টপ মডেল হওয়ার পরপরই নাটকের অভিনয়ে ডাক আসে। তাহের শিপনের পরিচালনায় আমাদের ছোট নদী টেলিফিল্মে প্রথম অভিনয় করেন তিনি। কিন্তু টেলিভিশনে প্রথম অভিনয় নিজ চোখে দেখে অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি। কেন? জানার জন্য আগ্রহী হই। হাসিন বলেন, ‘আমার অভিনয় দেখে আমার মনে হচ্ছিল, আমি কিছুই পারছি না। দর্শক বিরক্ত হচ্ছে। সিদ্ধান্ত নিলাম আর অভিনয় করব না। মডেল হিসেবেই কাজ করব।’ কিন্তু পরবর্তী সময়ে একে একে সখা হে, বাবুই পাখির বাসা, নরম রোদের ওমসহ একাধিক এক ঘণ্টার নাটকে অভিনয় করেন তিনি। অভিনয়ে তাঁর সিদ্ধান্তে ফিরে আসার যুক্তিও দিলেন। বললেন, ‘চ্যালেন আইয়ের কারণেই আবার অভিনয়ে ফিরে আসি। তবে সখা হে টেলিফিল্মে অভিনয় করার সময় মাহফুজ আহমেদ আমাকে হাতে ধরে অভিনয় শিখিয়েছেন। বলতে গেলে মাহফুজ আহমেদের কাছেই আমার অভিনয়ের অ আ শেখা।’পরবর্তী সময়ে হাসিন একাধিক ধারাবাহিকেও অভিনয় করেন। নোম্যান্স ল্যান্ড, লাস্ট কটেজ, ব্যাচেলর দ্য ফ্যামিলি প্রভৃতি। চ্যানেল নাইনে প্রচারিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ব্যাচেলর দ্য ফ্যামিলি ধারাবাহিকটি তাঁর অভিনয়ের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। হাসিন বলেন, ‘এই নাটকটি থেকে খুবই সাড়া পাচ্ছি। তবে রায়হান খানের লাস্ট কটেজ নাটকটি নিয়েও আমি আশাবাদী।’ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে এবার স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিচ্ছেন হাসিন। ভবিষ্যতে মিডিয়াতে আরও ভালো ভালো কাজ করার স্বপ্ন দেখেন তিনি। যে স্বপ্ন সত্যি করেই রাঙিয়ে দিয়েছে হাসিনের মন। দর্শককে ভালো ভালো কাজ উপহার দিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুননের দিনও শেষ করবেন হাসিন।