হাসিন বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে আংটি বদলের কথা থাকলেও শেষ পর্যন্ত উভয় পরিবারের সিদ্ধান্তেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিন রওশন জাহানের। বাকি ছিল বিবাহোত্তর সংবর্ধনা। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় হাসিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে উভয় পরিবারের আত্মীয়স্বজন এবং হাসিনের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।প্রথম আলো ডটকমকে হাসিন বলেন, ‘গত জুলাইয়ে আংটি বদলের কথা থাকলেও শেষ পর্যন্ত উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতার কাজটি সেরে ফেলা হয়। তাড়াহুড়োর কারণে সে সময় সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। আর তাই উভয় পরিবারের সিদ্ধান্তে আজ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ হাসিনের বরের নাম মারুফুল ইসলাম। পেশায় ব্যবসায়ী মারুফুল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ শেষ করেছেন। বর্তমানে তিনি টেক্সমার্ট গার্মেন্টসের পরিচালক। অন্যদিকে হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন।উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী সদরের লক্ষ্মীপুরে হাসিনদের বাড়িতে একেবারেই ঘরোয়াভাবে হাসিন ও মারুফের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয়ের হওয়ার পরপরই নাটকে অভিনয় শুরু করেন হাসিন। টিভিতে তাঁর প্রথম অভিনয় তাহের শিপনের পরিচালনায় টেলিছবি ‘আমাদের ছোট নদী’তে। এতে হাসিন অভিনয় করেন নোবেলের বিপরীতে। পরবর্তী সময়ে ‘একে একে সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’সহ একাধিক এক ঘণ্টার নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন হাসিন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস—দ্য ফ্যামিলি’।