হাসিনের হঠাৎ বিয়ে!
হঠাৎ করেই বিয়ের কাজটি সারলেন ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাবজয়ী হাসিন রওশন জাহান। শুরুতে আংটিবদলের কথা থাকলেও শেষ পর্যন্ত উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতার কাজটি ৬ জুলাই শুক্রবার রাজশাহী সদরের লক্ষ্মীপুরে হাসিনদের বাড়িতে সম্পন্ন হয়েছে।বরের নাম মারুফুল ইসলাম। পেশায় ব্যবসায়ী মারুফুল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ শেষ করেছেন। অন্যদিকে হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন।প্রথম আলো ডটকমকে হাসিন বলেন, ‘কথা ছিল শুক্রবার আমার আংটিবদলের অনুষ্ঠানটি করা হবে। কিন্তু এর মধ্যেই উভয় পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় বিয়ের অনুষ্ঠানের। সবার সিদ্ধান্তে অনেকটা হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেলতে হয়েছে।’হাসিন আরও বলেন, ‘তাড়াহুড়োর কারণে সবাইকে বিয়ের ব্যাপারটি জানানো হয়নি। ইচ্ছা আছে আগামী ঈদের পরই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার।’বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন হাসিন। যোগ দিয়েছেন শুটিংয়ে। কাজ করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ব্যাচেলরস—দ্য ফ্যামিলি ধারাবাহিকের। দু-এক দিনের মধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয়ের হওয়ার পরপরই নাটকে অভিনয় শুরু করেন হাসিন। টিভিতে তাঁর প্রথম অভিনয় তাহের শিপনের পরিচালনায় টেলিছবি ‘আমাদের ছোট নদী’তে। এতে হাসিন অভিনয় করেন নোবেলের বিপরীতে। পরবর্তী সময়ে ‘একে একে সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’সহ একাধিক এক ঘণ্টার নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন হাসিন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস—দ্য ফ্যামিলি’।