হাসিমুখে আবদার মিটিয়েছেন তাঁরা

একজন ‘ছোটকাকু’ সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অন্যজন ‘ছোটকাকু’ টিভি সিরিজের নির্মাতা আফজাল হোসেন। ছোটকাকু চরিত্রের অন্যতম অভিনয়শিল্পীও আফজাল হোসেন। ঢাকার বাংলা একাডেমির পাঠকমেলায় এই দুজন গুণীকে একসঙ্গে পাওয়া গেছে। মনের আনন্দে ঘুরেছেন। পুরো বাংলা একাডেমি চত্বর ঘুরতে তাঁদের লেগে যায় অনেক সময়। কারণ, এই দুজন গুণী মানুষকে একসঙ্গে দেখতে পেয়ে প্রথম আলোর পাঠক সমাবেশে আসা সব বয়সী পাঠকেরা তাঁদের সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া ও সেলফি তোলার সুযোগটা হাতছাড়া করতে চাননি। সবার আবদার হাসিমুখে মিটিয়েছেনও তাঁরা।
আফজাল হোসেন ও ফরিদুর রেজা সাগর—এই দুজন সাধারণত একসঙ্গে কোথাও খুব একটা যান না। প্রথম আলোর বিভিন্ন অনুষ্ঠানে এই দুই বন্ধুকে একসঙ্গে দেখা যায়।
পুরান ঢাকার নাজিরা বাজার থেকে বন্ধুদের সঙ্গে পাঠকমেলায় এসেছে সাইফুল। আফজাল হোসেন ও ফরিদুর রেজা সাগরকে দেখে দে এক দৌড়। পিছু পিছু অন্য বন্ধুরাও এসে হাজির। ‘ছোটকাকু’ সিরিজ দিয়ে নতুন করে মন জয় করলেও আফজাল হোসেন অনেক আগে থেকে ওদের প্রিয়। সেলফি তোলার পাশাপাশি প্রিয় অভিনেতা ও পছন্দের মানুষের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে বিদায় নেয় তারা। একজনের কাছ থেকে ছাড়া পেয়ে আরেকজনের কাছে, একদলের কাছ থেকে আরেক দলের কাছে, এভাবেই পুরো মাঠ ঘুরে বেরিয়ে যাওয়া পর্যন্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সেলফি ও অটোগ্রাফ আবদান মেটান এই দুই বন্ধু।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এমন একটা বিকেল কাটাতে পেরে আফজাল হোসেন ও ফরিদুর রেজা সাগর দুজনেরও বেশ ভালো লেগেছে। বলেন, ‘প্রথম আলো বরাবরই ভিন্নধর্মী সব আয়োজন করে থাকে। এ ধরনের আয়োজন থেকে প্রথম আলোর পাঠকের পাশাপাশি সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারে। আমাদেরও সুযোগ হয় অনেক তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে দেখা করার।’