
আমার হাসির রোগ আছে। একবার হাসি উঠলে আর যেন থামতেই চাই না।
আর এই হাসির কারণেই শুটিংয়ে ঝামেলা তৈরি হয়। একাধিক শট এনজি হয়ে যায়। একটি ঘটনা বলি, উত্তরার একটি শুটিং বাড়িতে সাফায়েত মনসুর রানার হাতটা দাও না বাড়িয়ে নাটকের শুটিং চলছিল। সাবেরী আপার সঙ্গে আমার একটি সংলাপ দিয়ে দৃশ্যটি শুরু হবে। কিন্তু শটটি শুরুর আগেই ঘটে গেল ঘটনা। কে যেন হাসির একটা কথা বলে বসলেন। আর রক্ষা নেই। আমার হাসি চলে এল। এরপর প্রায় আধ ঘণ্টা ধরে দৃশ্যটি আর নেওয়াই গেল না। সংলাপ বলা শুরু করি, অমনি ওই কথা মনে পড়ে আর হাসি চলে আসে। শেষমেশ দৃশ্যটি করতে গিয়ে কতবার যে এনজি হয়েছে, তা আর বলতে পারব না।
এই হাসির জন্য এনজি শটের আরেকটি ঘটনা মনে পড়ছে। এটি সকাল আহমেদের আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাটকের সেটে।
বসুন্ধরার ৩০০ ফিট রাস্তার পাশে শুটিং চলছে নাটকটির। দৃশ্যে তৌসিফ ও জোভানের কথোপকথন চলবে। তাঁদের সংলাপ চলার সময় আমি দৃশ্যে ঢুকব এবং আমি ঢোকা পর্যন্ত এক টেকে দৃশ্যটি নিতে হবে। তৌসিফ ও জোভানের কথোপকথন চলছে। পাশ থেকে সকাল আহমেদ ফিসফিস করে বললেন, নাটকে আর নায়িকার কী দরকার! এদের দুজনকে ভালোই মানিয়েছে। কোনোভাবে কথাগুলো আমার কানে গেছে। আর আমি হাসি আটকাতে পারলাম না। এরপর থেকে দৃশ্যে যখনই ঢুকতে যাচ্ছি, তখনই সকাল আহমেদের কথাগুলো মনে পড়ে হাসি চলে আসছে। আর দৃশ্যটিও বারবার এনজি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর দৃশ্যটি ‘ওকে’ হয়েছে।
গ্রন্থনা: শফিক আল মামুন