হাসির জন্য শট এনজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন শবনম ফারিয়ার দুটি এনজি শটের মজার স্মৃতি।
যতবারই তৌসিফ লাফ দিয়েছে, ততবারই হেসেছেন শবনম ফারিয়া। ছবি: প্রথম আলো
যতবারই তৌসিফ লাফ দিয়েছে, ততবারই হেসেছেন শবনম ফারিয়া। ছবি: প্রথম আলো

আমার একটা খারাপ অভ্যাস আছে। হাসতে শুরু করলে সেই হাসি কোনোভাবেই থামানো যায় না। এমনকি কোনো সিরিয়াস মুহূর্তেও যদি কোনো কারণে হাসি শুরু হয়, থামাথামি নেই। একবার রেদওয়ান রনির ঝালমুড়ি নাটকের একটি দৃশ্যের শুটিংয়ের সময় সে রকম এক ঘটনা ঘটল। হাসি নিয়ে ভীষণ বিপাকে পড়ে গিয়েছিলাম। দৃশ্যধারণ চলছিল আইইউবিএটিতে। দৃশ্যটি এমন—আমি নিজ হাতে রান্না করে বয়ফ্রেন্ড তৌসিফের জন্য খাবার নিয়ে যাই। সে আমাকে গেট থেকে ঢুকতে দেখেই বাইরে দৌড় দেয়। আমিও ওর পিছে পিছে ছুট দিই। গিয়ে দেখি সে একটা গলির ভেতর লুকিয়ে আছে। পেছনে গিয়ে আমি বলি, ‘অ্যাই আমাকে দেখে লুকাচ্ছ কেন?’
ওই দৃশ্যে ওকে একটা লাফ দিতে হবে। হঠাৎ আমার কণ্ঠ শুনে চমকে লাফিয়ে উঠবে সে। ঝামেলা হয়ে গেল, তাঁর লাফ দেখে আমি ফেললাম হেসে। এরপর ওই দৃশ্য ধারণ করতে যতবারই তৌসিফ লাফ দিয়েছে, ততবারই আমি হেসে দিয়েছি। এভাবে প্রায় দুই ঘণ্টা ধরে দৃশ্যটি ওকে করা যায়নি। পরে কিছুক্ষণ কাজ বন্ধ রেখে চুপচাপ বসে থাকতে হয়েছে।
আরেকটি ঘটনা আছে। তখন সবে মিডিয়ায় কাজ শুরু করেছি। বিজ্ঞাপনের শুটিংয়ের ঘটনা। আমি ঘুমিয়ে থাকব। আমার স্বামী আসার পর ঘুম থেকে উঠব। পরিচালকের কাছ থেকে দৃশ্যটি বুঝে নিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ি। এরপর দৃশ্যটি নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমাকে ডাকাডাকি করা হয়। আমি তো আর উঠি না। ডাকাডাকি করার পর উঠে দেখি, দৃশ্য ধারণ শেষ। কিন্তু ঘুমানোর দৃশ্যটি পরিচালকের পছন্দ হয়নি। পরিচালক জানালেন, সত্যি সত্যি ঘুমিয়ে পড়ার কারণে দৃশ্যটি ভালো হয়নি। দৃশ্যটি এনজি করে দিলেন তিনি। পরেরবার শুধু ঘুমের ভান করে শুয়ে থাকতে হয়েছিল।

অনুলিখন: শফিক আল মামুন