হাসির নাটক বাস্তবতাবিবর্জিত হলে হয় ভাঁড়ামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে গেয়েছেন সানি জুবায়ের
‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে গেয়েছেন সানি জুবায়ের

মাছরাঙা টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’ প্রচারিত হলো ১ ফেব্রুয়ারি রাত ১১টায়। শিল্পী ছিলেন সানি জুবায়ের। উপস্থাপক কৌশিক শংকর দাশ। শিল্পী সানি জুবায়েরের এদিনের পরিবেশনায় মূলত ফুটে উঠেছে শুদ্ধ সংগীতের আবহ। তিনি তাঁর গানগুলো নির্বাচন করেছিলেন সেভাবেই। তিনি নিজে গান লেখেন, সুর করেন। তাঁর নিজস্ব গানের এক বিরাট অংশ ছিল এদিনের পরিবেশনায়। আমরা জানতে পারলাম, তিনি চলচ্চিত্রে সংগীত পরিচালনার সঙ্গেও যুক্ত।

সানি জুবায়ের অনুষ্ঠান শুরু করেছেন ভক্তিগীতি দিয়ে। তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে বলা যায় ‘আজ এই বৃষ্টির কান্না শুনে’, ‘আজ আমার মন ভালো নেই’, ‘শুধু শখের জন্য’, ‘আবার যাই বলে বন্ধু মিথ্যে বোলো না’, ‘একটি চাওয়াই খুব করে চাই তোমায় ভালোবেসে’ ইত্যাদি। তাঁর পরিবেশনার অভিনবত্বের কারণে এবং রাগাশ্রয়ী গানের প্রাধান্য থাকার কারণে লক্ষ করা গেছে, দর্শকের অংশগ্রহণ আশানুরূপ ছিল না।

সানি জুবায়েরের উপস্থাপনায় কিছু অভিনবত্ব ছিল এই অনুষ্ঠানে। যেমন গানের মাঝে সুরের রেশ ধরেই কথা বলা। আবার দুই বন্ধুর মিলিত গানের পরিবেশনা ‘আবার যাই বলে বন্ধু মিথ্যে বলো না’। এগুলো একটু ভিন্নধর্মী ও আকর্ষণীয় মনে হয়েছে। তবে তাঁর কণ্ঠ মনে হয়েছে একটু চাপা, যে কারণে তিনি যখন উঁচু পর্দায় গান করছিলেন, তখন তাঁকে স্বচ্ছন্দ মনে হয়নি। আর কিছু কিছু গানে মাঝে মাঝে উচ্চারণ অথবা মাইক্রোফোন সঠিক ব্যবহার না হওয়ার কারণে বাণী অস্পষ্ট হয়ে গেছে। আশা করি এ ব্যাপারে ভবিষ্যতে শিল্পী ও চ্যানেল কলা-কুশলীরা সজাগ হবেন।

‘ছুটির দিনের গান’ প্রচারিত হলো ২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ মিনিটে এনটিভিতে। এই অনুষ্ঠানে শিল্পী ছিলেন সুস্মিতা সেন এবং উপস্থাপক দেবলীনা সূর। শিল্পী সুস্মিতা সেন এই অনুষ্ঠানে একটানা গান করেছেন প্রায় দুই ঘণ্টা। অধিকাংশই ছিল পুরোনো দিনের জনপ্রিয় গান। ভাষার মাসকে স্মরণ করে অনুষ্ঠানের শুরুতে ও শেষে পরিবেশন করেছেন দেশাত্মবোধক ‘মা গো, ওদের কোনো দোষ ছিল না’ এবং ‘এই পৃথিবীর ’পরে, কত ফুল ফোটে আর ঝরে’ গান দুটি। দেশের প্রতি ভাষার প্রতি তাঁর এই অনুরাগ আমাদের মুগ্ধ করেছে। তারপর একে একে পরিবেশন করেছেন ‘ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আমি গানকে ভালোবেসেছি’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’ ইত্যাদি গান।

তাঁর উপস্থাপনায় ছিল আন্তরিকতা ও নম্রতা, যা একজন শিল্পীর কাছে দর্শকের একান্ত কাম্য। এ ছাড়া দর্শকের সঙ্গে কথোপকথনে তাঁর বিনয় ও ভদ্রতা ছিল শিল্পীসুলভ ও আকর্ষণীয়। তাঁর গান নির্বাচন ছিল আকর্ষণীয় ও আবেদনময়। কণ্ঠ মিষ্টি ও আবেগময়। উপস্থাপনা আন্তরিকতাপূর্ণ। তবে ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’ গানটি পরিবেশনের সময় তিনি বাণী ভুলে যান। এরপর তাল রিপিট করেও তিনি মনে করতে পারেননি। তখন হুঁ হুঁ করে মিলিয়ে দিয়েছেন। সরাসরি গানের অনুষ্ঠানে এটি একেবারে স্বাভাবিক নয়, কিন্তু সতর্কতা আবশ্যক। আর গান শেষে তাঁর দর্শকের কাছে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তাহলেই তা হতো সত্যিকার শিল্পীসুলভ বিনয় ও ভদ্রতার প্রকাশ। কিন্তু তিনি তা করেননি। করলে হয়তো নিজেই হালকা হতে পারতেন।

পরিশেষে এটিএন বাংলার সাপ্তাহিক নাটক আকর্ষণীয় প্রেম নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য। নাটকটি প্রচারিত হলো ২ ফেব্রুয়ারি রাত ৯টায়। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার।

 নাটকটি মূলত হাসির নাটক। দুই পরিবারের দ্বন্দ্বের মধ্যে দুই পরিবারের দুজন ছেলে-মেয়ের প্রেম নাটকের বিষয়। কিন্তু ঘটনার বাস্তবতা রক্ষা না করায় এবং অভিনয়কে ভাঁড়ামির পর্যায়ে নিয়ে যাওয়ায়, এটি সফল নাটক হয়ে উঠতে পারেনি। যেমন লুঙ্গি দিয়ে একদল যুবক বৃত্ত রচনা করে তার মাঝে প্রেম করা। উদ্ভট ভিখারি সাজে মেয়ের বাড়িতে প্রেমের উদ্দেশ্যে যাওয়া। রাতে প্রেমিকের জন্য মাছভাজি নিয়ে জঙ্গলে অথচ আলোর মধ্যে বসে প্রেম করা ইত্যাদি ইত্যাদি। এসবের সঙ্গে আবার যুক্ত হয়েছে যাচ্ছেতাই সংলাপ ও উদ্ভট অভিনয়। হাসির নাটকেও যে ঘটনার বাস্তবতা এবং সংলাপ ও অভিনয়ের সামঞ্জস্য প্রয়োজন, নির্মাতা ও অভিনেতারা যেন সেটা উপলব্ধিই করেননি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। নাট্যকার ও নির্মাতা বানাতে চেয়েছিলেন হাসির নাটক, কিন্তু তা না হয়ে হয়েছে ভাড়ামোর নাটক। আশা করি ভবিষ্যতে হাসির নাটকের নির্মাতারা ঘটনার বাস্তবতা ও সংলাপের যথার্থতা রক্ষা করবেন।