
‘লাইভ অনুষ্ঠানের একটা ভালো দিক হলো, অন্তত ৯০ মিনিটের জন্য আমার মা নিশ্চিত হতে পারবেন আমি কোথায় আছি।’ এমনই হালকা রসিকতা দিয়ে ‘স্যাটারডে নাইট লাইভ’-এর ৪১তম আয়োজনের মূলপর্ব শুরু করেছিলেন মাইলি সাইরাস। যুক্তরাষ্ট্রের এই টিভি অনুষ্ঠানটি হাস্যরসের জন্যই বেশি জনপ্রিয়। অনুষ্ঠানের প্রচারণা অংশে এই গায়িকা বলেছিলেন, ‘মঞ্চে আমার বিবস্ত্র হয়ে হাজির হওয়ার সমূহ সম্ভাবনা আছে!’ তাই এবার ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে ভিন্ন কিছু হতে যাচ্ছে, সেটা অনুমেয়ই ছিল। শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে মঞ্চে সাইরাসকে ডেকে নিয়েছিলেন হিলারি ক্লিনটন। এমন জমকালো, তারকাবহুল আয়োজনেই কিনা দর্শককে অবাক করে দিয়ে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন মাইলি সাইরাস!
হ্যাঁ, সেই মাইলি সাইরাসের কথাই বলা হচ্ছে। গানের চেয়ে বেপরোয়া আচরণ আর উদ্ভট পোশাকের জন্যই যিনি অধিকাংশ সময় ‘খবর’ হয়েছেন। তাঁর এমন আবেগময় রূপ, তাও ভরা মজলিসে...ভক্তদের সত্যিই ভীষণ অবাক করেছে। ঘটনা ঘটেছে ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে তাঁর দ্বিতীয় ও শেষ গানটির সময়। পিয়ানোর ওপাশে খুব স্বাভাবিক ভঙ্গিতেই ‘দ্য টুইংকেল সং’ গাইতে শুরু করেছিলেন মাইলি। পশুপ্রেমী হিসেবে তাঁর সুনাম আছে। ছোটবেলা থেকেই নিজের পোষা কুকুর-বিড়াল তাঁকে সঙ্গ দিয়েছে। ভক্তরা জানেন, ‘দ্য টুইংকেল সং’ মাইলির মৃত পোষা প্রাণীদের নিয়ে লেখা একটি গান।

‘একবার স্বপ্ন দেখেছি, দানবের দল আমাকে তাড়া করছে। হয়তো ওরা ছিল অ্যালিয়েন। তবু ভয় পাইনি, কারণ তুমি পাশে ছিলে।’ গানের কথার বাংলা অনুবাদ অনেকটা এমন। গাইতে গাইতেই তাঁর গলা ধরে এসেছিল। মনে হচ্ছিল, কান্নার সঙ্গে রীতিমতো যুদ্ধ করে গাইতে হচ্ছে তাঁকে। একসময় আর নিজেকে ধরে রাখতে পারেননি। হলভর্তি দর্শক অবাক হয়ে দেখেছেন, খ্যাপাটে-উচ্ছৃঙ্খল সাইরাসের গাল বেয়ে অশ্রু নামতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে অবশ্য তিনি সামলে উঠেছেন। নিজের সব রাগ-ক্ষোভ পিয়ানোর ওপর ঝেড়ে চিৎকার করে গেয়েছেন ‘দ্য টুইংকেল সং’য়ের কোরাস অংশ ‘বাট হোয়াট ডাজ ইট মিন’।
এ বছর আগস্টের শেষে বেরিয়েছে তাঁর পঞ্চম অ্যালবাম মাইলি সাইরাস অ্যান্ড হার ডেড পেটজ (মাইলি সাইরাস ও তাঁর মৃত পোষা প্রাণীগুলো)। নিজের পোষা কুকুর-বিড়ালগুলোকে যে ভীষণ ভালোবাসতেন, সেটা তাঁর অ্যালবামের নাম থেকেই বোঝা যায়।
উপস্থাপিকা হিসেবে মাইলির চমৎকারিত্ব এ বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই ২২ বছর বয়সী গায়িকা ‘স্যাটারডে নাইট লাইভ’ পুরো অনুষ্ঠানও শুরু থেকেই জমিয়ে রেখেছেন। শেষে এসে এই কান্নার কারণে মাইলি যেন ভক্তদের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পেলেন। অনুষ্ঠান দেখে টুইটারে-ফেসবুকে আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্ঠানটির অসংখ্য দর্শক। এবারও অবশ্য মঞ্চে ‘রেকিং বল’ গানের এই গায়িকা তাঁর উদ্ভট পোশাকের ধারাবাহিকতা বজায় রেখেছেন। ট্রেইলারে দেওয়া কথা পুরোপুরি না রাখলেও, প্রায় বিবস্ত্র হয়ে ঠিকই হাজির হয়েছেন তিনি। মাইলি সাইরাসের জন্য এ আর নতুন কী!
ডেইলি মেইল অবলম্বনে