হিথ্রোতে চুরির শিকার কিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মার্কিন টিভিব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান দাবি করেছেন, ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে চেপে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁর লাগেজ থেকে মূল্যবান কিছু সামগ্রী চুরি হয়েছে। সেগুলোর মধ্যে তাঁর বাবা রবার্ট কার্দাশিয়ানের দেওয়া একটি রোদ-চশমাও আছে, যেটি রবার্ট মারা যাওয়ার আগের মুহূর্তে তাঁর মেয়ে কিমকে দিয়েছিলেন।গত শুক্রবার রাতে বাড়ি ফেরার পর তাঁর ব্যাগটি বেশ হালকা মনে হয় কিমের কাছে। সঙ্গে সঙ্গে সেটি খুলে কিম বুঝতে পারেন যে, ব্যাগের ভেতর থেকে মূল্যবান কিছু সামগ্রী চুরি হয়েছে। কয়েকটি দামি হাতব্যাগ, টামি লাগেজসহ বাবার শেষ স্মৃতিচিহ্ন রোদ-চশমাটি না পেয়ে খুবই বিচলিত হয়ে পড়েন কিম। এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় কিম লিখেছেন, ‘হিথ্রোতে আমার লাগেজ খুলে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মচারীরা এর ভেতর থেকে মূল্যবান কিছু সামগ্রী চুরি করেছেন। এগুলোর মধ্যে বাবার দেওয়া একটি রোদ-চশমাও আছে। মৃত্যুর কিছুক্ষণ আগে এটি আমাকে দিয়েছিলেন বাবা। অর্থের মানদণ্ডে এর মূল্য নিরূপণ করা সম্ভব নয়। এ ঘটনায় আমি খুবই বিচলিত।’জানা গেছে, ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষকে বিষয়টি এরই মধ্যে অবহিত করেছেন কিম। সিসিটিভি ফুটেজ দেখে অবিলম্বে দোষীদের খুঁজে বের করার অনুরোধ করে কিম কার্দাশিয়ান জানিয়েছেন, অন্যথায় তিনি পুলিশের দ্বারস্থ হবেন।উল্লেখ্য, আশির দশকে ঘন ঘন লাগেজ চুরির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। সে সময় সবাই এটাকে হিথ্রোর পরিবর্তে ‘থিফরো’ বিমানবন্দর নামেই ডাকত। এ বছরের ২৭ জুলাই লন্ডনে বসতে যাচ্ছে অলিম্পিক আসর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই আসরে যোগ দিতে অনেকেই যাবেন। তবে কী অলিম্পিককে সামনে রেখে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে হিথ্রো বিমানবন্দরের লাগেজ চোরেরা!