হিন্দি গান গেয়ে সমালোচনার মুখে পড়শী

নিজের নতুন একক গানের অ্যালবামে একটি হিন্দি গান গেয়েছেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত পড়শী। তৃতীয় একক অ্যালবামে ‘খোদা তুঝসে’ শিরোনামে একটি হিন্দি দ্বৈত গান করেছেন তিনি। গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের আরেক কণ্ঠশিল্পী ইমরান। হিন্দি ভাষার এই দ্বৈত গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান।
আমাদের দেশের অনেক শিল্পী বিভিন্ন মঞ্চে দর্শকদের অনুরোধে হিন্দি গান করে থাকেন। কিন্তু মৌলিক গানের অ্যালবামে হিন্দি গান রাখার বিষয়টিতে সবাই হতবাকই হয়েছেন বলা যায়। বিষয়টি কেউ ইতিবাচকভাবে মেনে নিতে পারছেন না। আর তাই তো পড়শীর অ্যালবামে গাওয়া হিন্দি গানটি নিয়ে সংগীতাঙ্গনের অনেকে বিব্রত।
মৌলিক অ্যালবামে হিন্দি গান করা প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানে আমার একমাত্র আদর্শ রুনা লায়লা ম্যাডাম। তিনিও কিন্তু হিন্দি গান করেছেন। তাঁকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বলতে পারেন। তা ছাড়া নতুন অ্যালবামের শুরু থেকে আমার অন্য ভাষার একটি গান রাখতে চেয়েছিলাম। আর অন্য ভাষার গান করতে হলে হিন্দি হলে মন্দ হয় না। তবে গানটি তৈরির পর অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। আমি মনে করি, গানের নিজস্ব কোনো ভাষা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংগীত পরিচালক ও সংগীতশিল্পী বলেন, গানের কোনো ভাষা নেই এটা ঠিক; কিন্তু এটাও ঠিক, আমরা সব ভাষার গান থেকে ভালো কিছু গ্রহণ করে তা আমার ভাষার গানের মাধ্যমে সবার কাছে তুলে ধরব। কিন্তু অন্য ভাষার গানকে নিজের দেশে প্রমোট করার তো কোনো মানে হয় না? তাঁরা এও বলেন, আজকে রুনা লায়লা কিংবা জেমস, যাঁদের দোহাই দিয়ে হিন্দি গান করা হচ্ছে না, এঁদের চিত্রটা কিন্তু ভিন্ন। রুনা লায়লা কিংবা জেমস, এঁদের কিন্তু ডেকে নিয়ে গিয়ে দেশের বাইরে হিন্দি গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত হয়ে তাঁরা বাইরের দেশে নিজেদের প্রতিভার কথা জানান দিয়েছেন। তাঁরা দেখিয়েছেন, আমরা বাংলাদেশি শিল্পীরা অন্যান্য দেশের শিল্পীদের তুলনায় কোনো অংশে কম নই। দুইটা বিষয় কিন্তু দুই ধরনের।
হিন্দি গানটি গাওয়ার পর বেশ সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পড়শী বলেন, ‘সমালোচনা থাকবেই। সবাই আমার গান শুনে শুধু প্রশংসাই করবেন, তা আমি কখনোই আশা করি না। সমালোচনাকে আমি ইতিবাচক হিসেবে নিই। তা থেকে অনেক কিছুই শেখাও যায়। তা ছাড়া এই গানটি দিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে চেয়েছি।’
পড়শীর এমন মন্তব্যে অনেকেই হতবাক হয়েছেন। নিরীক্ষাধর্মী হিন্দি এ গানটি যদি জনপ্রিয়তা পায়, তাহলে কি পড়শী নিয়মিত হিন্দি গান রাখবেন তাঁর অ্যালবামে?
হিন্দি গানটি আলোচনায় আসার কৌশল কি না—এমন প্রশ্নের জবাবে পড়শী বলেন, ‘না, না; তা হবে কেন। আমি আগেই বলেছি, গানের কোনো ভাষা নেই। তা ছাড়া আমি যে বিভিন্ন ভাষার গান গাইতে পারি, সেটা দেখালে সমস্যাটা কী, তা তো বুঝছি না।’
পড়শী আরও বলেন, ‘শুধু হিন্দি গান নয়, সামনে আমি শ্রীলঙ্কান ভাষায়ও একটি গান করব।’
‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় ২০০৮ সালে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’।