হিন্দিতে রবীন্দ্রনাথের গান করেন বাঙালি শান্তনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তনু রায় চৌধুরী কলকাতার ছেলে। রবীন্দ্রভক্ত এক শিল্পী। আদিবাস বাংলাদেশের নোয়াখালী জেলায়। এখন থাকেন কলকাতায়। ছোটবেলায় বাবা সুধীর রঞ্জন রায় চৌধুরীর কাছে গানের হাতেখড়ি। গান শেখা। সেই থেকে এখনো হারমোনিয়ামের ওপর থেকে হাত সরিয়ে নেননি তিনি। সেই ১৯৫৬ সালে এসরাজ বাজিয়ে গান গাওয়া শান্তনু আজ হিন্দি ভাবধারায় রবীন্দ্রসংগীত গেয়ে আলোড়ন তৈরি করেছেন গোটা দেশে। ইতিমধ্যে তাঁর তিনটি হিন্দি গানের অ্যালবাম বের হয়েছে। বলেছেন, রবীন্দ্রসংগীতে হাতেখড়ি হয়েছিল গুরু শৈলেন দাসের হাত ধরে। গানের পাশাপাশি তাঁর ঝোঁক ছিল টেবিল টেনিস, ফুটবল আর ক্রিকেট খেলার প্রতিও। তারপর একদিন শান্তনু চলে আসেন খেলার মাঠ থেকে সংগীতের মাঠে। বেছে নেন রবীন্দ্রসংগীত।
সেই শান্তনুর সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হই তাঁর উত্তর কলকাতার গোড়াবাজারের বাসভবনে। কথা হয়। ১৯৯১ সালে তাঁর প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের করে এইচএমভি গ্রামোফোন কোম্পানি। এরপর ১৯৯৫ সালে বের করে রবীন্দ্রসংগীতের আরেকটি অ্যালবাম—প্রাণে সুর ওঠে ভরে। আর ১৯৯৮ সালে আনন্দবাজার গোষ্ঠীর আনন্দমেলা পুরস্কার পেয়েছিলেন সেরা শিল্পী হিসেবে। বলেন, ২০০৭ সালে তারা মিউজিকের কর্ণধার রতিকান্ত বসুর ডাকে আমি যোগও দিই তারা মিউজিকের অনুষ্ঠানমালায়। গান গাই দুবাই, আবুধাবিতেও।
শান্তনু রায় চৌধুরী বলেছেন, ‘আগেই রবীন্দ্রসংগীতকে হিন্দি সুরে বেঁধেছেন প্রখ্যাত শিল্পী মান্না দে, উষা মঙ্গেশকর প্রমুখ প্রথিতযশা শিল্পী। কিন্তু আমি সেভাবে বাঁধিনি রবীন্দ্রসংগীতকে। হিন্দি অনুবাদের গান গাইনি। আমি এই রবীন্দ্রসংগীতকে নতুন ভাবধারায় গেয়েছি। অনুবাদের সুরে নয়। গোটা গানের মমার্থ নতুন ভাবধারায় উপস্থাপন করেছি। প্রতিটি গানের অর্থ নতুন ভাবধারায় ফুটে উঠেছে আমার এই সংগীতে। তাই আমি বলেছি, এটা আমার হিন্দিতে গাওয়া নতুন ভাবধারার রবীন্দ্রগীত।’
শান্তনু রায় চৌধুরী বলেন, নতুন ভাবধারার এই রবীন্দ্রসংগীতের ১০টি হিন্দি গানের প্রথম অ্যালবাম মুসাফির বের হয় ২০১১ সালে। বের করে এইচএমভি/সারেগামা। ২০১৩ সালে মুম্বাই থেকে টাইম মিউজিক বের করে ১০টি গানের আরেকটি অ্যালবাম দিওয়ানা। আর ২০১৫ সালে এই টাইম মিউজিক ফের বের করে ১০টি গানের আরেকটি অ্যালবাম ইন্তেজার। ২০১৭ সালে কবিগুরুর ১০টি কবিতা নিয়ে ফের বের করছেন মেরা পরিচয় অ্যালবাম।
২০১১ সালে প্রথম হিন্দি রবীন্দ্রগীত বের হওয়ার পর ভারত সরকার কর্তৃক কবিগুরুর সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে প্যারিসে ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পান তিনি। আর সেখানে হিন্দিতে রবীন্দ্রগীত গেয়ে মাত করে দেন সবাইকে। দিল্লির বিজ্ঞান ভবনেও কবিগুরুর সার্ধশত জন্মবর্ষে তিনি গেয়েছেন এই রবীন্দ্রগীত। বলেছেন, তিনিই ভারতে প্রথম শিল্পী, যিনি রবীন্দ্র ভাবধারায় রবীন্দ্রগীতকে গোটা দেশে জনপ্রিয় করে তুলেছেন।
কথায় কথায় তিনি বললেন, ‘যেমন ধরুন জনপ্রিয় রবীন্দ্রসংগীত “ওগো নদী, আপন বেগে” গানটিকে আমি রবীন্দ্র ভাবধারায় গেয়েছি “অ্যায় নদী পেয়ারা লাগে জীবন তেরা”।’ এভাবে তিনি ‘মনে রবে কি না রবে আমারে’, ‘তুমি কেমন করে গান করো হে’, ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’ ইত্যাদি রবীন্দ্রসংগীতকে তিনি বন্দী করেছেন নতুন ভাবধারার হিন্দি গীতে।
বললেন, ‘বাংলাদেশেও গান গেয়েছি। নিজের বাপ-দাদার জন্মভিটা বাংলাদেশ। কী সুন্দর বাংলাদেশ! প্রকৃতি যেন বাংলাদেশকে সাজিয়ে রেখেছে। বারবার মন চায় বাংলাদেশে যেতে। যে একবার বাংলাদেশ গিয়েছে, সে কি ভুলতে পারে বাংলাদেশকে?’