হিন্দু জমিদারের স্ত্রী সুবর্ণা
হিন্দু জমিদারের স্ত্রী হয়ে টেলিভিশন দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। দেশ টিভির জন্য নির্মিত ‘গহীনে’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে সুবর্ণাকে এ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি গাজীপুরের পাখিরটেক নামক এলাকায় ধারবাহিকটির শুটিং শুরু হয়েছে। ধারবাহিকটি রচনা ও পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘পুরো নাটকটি একটি হিন্দু জমিদার বাড়িকে কেন্দ্র করে। যেখানে বেশ আয়োজন করে গানের চর্চা হয়। আর এ বাড়িটিকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না নাটক নিয়ে।’ তিনি বলেন, ‘আমরা মাত্র নাটকটির শুটিং করেছি। এর জন্য এখনো লোকেশন খোঁজা হচ্ছে বলে জানি। এ ছাড়া যতদূর জানি, নাটকটির শুটিয়ের জন্য আমাদের সুন্দরবনে যেতে হতে পারে।’ সীমান্ত নাটকটি শেষ হওয়ার পর একই সময়ে একই চ্যানেলে গহীনে নাটকের প্রচার শুরু হবে বলে জানা গেছে।‘গহীনে’ নাটকের শুটিং ছাড়াও সুবর্ণা সম্প্রতি নিজের লেখা ও পরিচালনায় ‘শূন্য’ নামের একটি মৌলিক নাটক পরিচালনা করেছেন। এ ছাড়া এবারের ঈদের জন্য বদরুল আনাম সৌদের ‘হাট্টিমাটিম’ এবং রেদোয়ান রনির পরিচালনায় সাত পর্বের ধারবাহিক নাটক ‘হিমু’, ‘মিসির আলী’, ‘বাকের ভাই’ ও ‘বড় চাচা’ নাটকটিতে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে হাট্টিমাটিম নাটকে আসাদুজ্জামান নূরের স্ত্রীর ভূমিকায় এবং সাত পর্বের নাটকে আবার মুনা চরিত্রে অভিনয় করেছেন।