বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে শাস্ত্রীয় সংগীত নিয়ে অনুষ্ঠান ‘সঞ্চারী’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জাবেদ ইকবাল। এ অনুষ্ঠানে গান করেছেন সুমনা বর্দ্ধন। কথা হলো তাঁর সঙ্গে।কোনো অনুষ্ঠানে নাকি?হ্যাঁ, আরটিভিতে এসেছি। এখানে তারকালাপ অনুষ্ঠানের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি সরাসরি প্রচার করা হয়। অনেক দর্শক ফোন করেছেন। শুদ্ধ সংগীত নিয়ে অনেক কথা হলো। কয়েকজন শ্রোতা আমার বিভিন্ন অ্যালবাম থেকে গান শুনতে চেয়েছেন।আজ ‘সঞ্চারী’ অনুষ্ঠানটি প্রচারিত হবে। এখানে কী গান করেছেন?অনুষ্ঠানটি পুরোপুরি শাস্ত্রীয় সংগীত নিয়ে। এখানে আমার সঙ্গে আরও গান করেছেন ওস্তাদ করীম শাহাবুদ্দিন, দোলন কানুনগো ও প্রিয়াঙ্কা গোপ। অন্যরা ছোট খেয়াল পরিবেশন করেছেন। কিন্তু আমি মিশ্র টোড়ি রাগের ওপর গান করেছি। আসাফ্উদ্দৌলাহ্র লেখা ও সুর করা ‘তুমি মানো না মানা’। এ ধরনের অনুষ্ঠানের জন্য একটু বেশি সময় হলে ভালো হয়। কারণ শাস্ত্রীয় সংগীত অল্প সময়ে ঠিকমতো পরিবেশন করা যায় না।সম্প্রতি বাসু ও আপনার গাওয়া গান নিয়ে একটি অ্যালবাম এসেছে। ওটা নিয়ে কিছু বলুন।অ্যালবামটির নাম আনন্দ আশ্রম। লেজার ভিশন বের করেছে। এতে সুর করার পাশাপাশি বাসুদা গানও গেয়েছেন। এই অ্যালবামের গানগুলো নিয়ে তিনি অনেক দিন গবেষণা ও নিরীক্ষা করেছেন। হিন্দুস্তানি সংগীতের সঙ্গে পাশ্চাত্যের এ সময়ের এক সার্থক সম্মিলন ঘটাতে চেয়েছেন। নানা রাগ-রাগিণীর ব্যবহার করেছেন। যাঁরা শুদ্ধ সংগীত শুনতে চান, তাঁদের তো বটেই; যাঁরা পাশ্চাত্যের সংগীত পছন্দ করেন—সবার কাছেই গানগুলো ভালো লাগবে।অ্যালবামটির কাজ কবে করেছিলেন?বছর দু-তিনেক আগে। অ্যালবামটির কাজ শেষ হওয়ার পর কিছু জায়গা বাসুদার পছন্দ হয়নি। আসলে তিনি কোনো খুঁত রাখতে চাননি। তাই আবার ধরে ধরে সেগুলোর কাজ করেছেন। আপনার সর্বশেষ অ্যালবাম ছিল ‘অভিমানী বর্ষা’। এরপর কিছু ভেবেছেন?অভিমানী বর্ষা আমার চতুর্থ অ্যালবাম। ওটা বেরিয়েছিল বছর দুয়েক আগে। এবার একটু আলাদা কিছু করতে চাইছি; যাতে গানগুলো শুনতে গিয়ে শ্রোতাদের একঘেয়েমি মনে না হয়।বিনোদন প্রতিবেদক