বিশ্বে হিম নামে কয়েকটি ব্যান্ড আছে। তবে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে ফিনল্যান্ডের রক ও মেটাল ধারার ব্যান্ড হিম। ‘হিজ ইনফেরনাল ম্যাজেস্টি’-র সংক্ষিপ্ত নাম হিম। আজ আমরা এই ব্যান্ডটি সম্পর্কে কিছু জানব।১৯৯১ সালে ফিনল্যান্ডের হেলসিংকিতে ভোকলিস্ট ভিলে ভালো, গিটারিস্ট মিকো ‘লিন্ডে’ লিন্ডস্টর্ম ও বেজিস্ট মিকো ‘মিগে’ মিলে গড়ে তোলেন ‘হিম’। শুরুতে তাঁরা ‘হিজ ইনফেরনাল ম্যাজেস্টি’ নামেই আত্মপ্রকাশ করেন। ১৯৯৭ সালে তাঁরা তাঁদের নাম সংক্ষিপ্ত করেন। ‘হিজ ইনফেরনাল ম্যাজেস্টি’-এই নামে তাঁরা দুটো ডেমো গান ও একটি ইপি বের করেন। ১৯৯২ সালে যে ডেমো বের হয়, তার নাম ছিল ‘উইচেস অ্যান্ড আদার নাইটফিয়ারস’। এরপর ১৯৯৫ সালে ‘দিস ইজ ওনলি দ্য বিগেনিং’ নামক ডেমো বের হয়। ১৯৯৬ সালে তাঁরা একটি ইপি বের করেন। ইপির নাম ছিল, ‘ট্রিপল সিক্স ওয়েজ টু লাভ: প্রলোগ’। এটি শুধু ফিনল্যান্ডেই প্রকাশ পায়, যার মাত্র ১ হাজার কপি বিক্রি হয়েছিল। কিন্তু ইবে নামক ওয়েবসাইট থেকে দুর্লভ এ অ্যালবামটি কেউ কিনতে চাইলে তাকে গুনতে হবে ৬০০ মার্কিন ডলার! এই ইপির কভারে ‘হিম’-এর ভোকালিস্টভিলে ভালোর মায়ের ছবি ব্যবহার করা হয়েছে। এর পর থেকে এখন পর্যন্ত ‘হিম’ সাতটি অ্যালবাম প্রকাশ করেছে। ‘হিম’-এর অ্যালবামগুলো হলো—১. গ্রেটেস্ট লাভ সংস ভলিউম ট্রিপল সিক্স (১৯৯৭) ২. রেইজর ব্লেড রোম্যান্স (১৯৯৯)৩. ডিপ শ্যাডোজ অ্যান্ড ব্রিলিয়ান্ট হাইলাইটস (২০০১) ৪. লাভ মেটাল (২০০৩)৫. ডার্ক লাইট (২০০৫)৬, ভেনাস ডুম (২০০৭) ৭. স্ক্রিমওয়ার্কস: লাভ ইন থিয়রি অ্যান্ড প্র্যাকটিস (২০১০)‘হিম’ তাদের নাম নিয় বিড়ম্বনার শিকার হয়েছে, যখন তারা আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়া শুরু করে। কেননা, আমেরিকাতেও ‘হিম’ নামে আরেক রক ব্যান্ড ছিল। তখন তাঁরা ‘হার’ নাম নিয়ে আমেরিকাতে অ্যালবাম প্রকাশ করতে বাধ্য হয়। তাঁদের ‘রেইজরব্লেড রোমান্স’ নামক অ্যালবামটি প্রথমে ‘হার’ নাম নিয়ে ১০০০ কপি বের হয়েছিল। পরবর্তী সময়ে তাঁরা মার্কিন ব্যান্ড ‘হিম’-এর কাছ থেকে নামের স্বত্ব কিনে নেন। এর পর থেকেই তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে নির্বিঘ্নে ‘হিম’ নাম নিয়েই তাঁদের কার্যক্রম চালিয়ে আসছেন।তাঁরা প্রথমে ‘ব্ল্যাক স্যাবাথ ট্রিবিউট’ ব্যান্ড হিসেবে তাঁদের যাত্রা শুরু করেছিল। তবে এখন পর্যন্ত তাঁদের গানের ধারা বেশ বিতর্কিত। ভালোবাসা নিয়ে অনেব গান করার কারণে তাঁদের ধারাকে ‘লাভ মেটাল’ও বলা হয়েছে। ‘লাভ মেটাল’ নামে তাঁদের একটা অ্যালবামও রয়েছে। সমালোচকদের মতামত অনুযায়ী, তাঁরা একাধারে গথিক রক, গথিক মেটাল, অল্টারনেটিভ রক, অল্টারনেটিভ মেটাল ও হেভি মেটাল ধারার গান করে থাকেন। সনাতন প্রথা ভেঙে তাঁরা তাঁদের মেটাল ধারার মাধ্যমেই প্রেম-ভালোবাসাবিষয়ক অসংখ্য গান করার কারণে তাঁদের ধারাকে ‘লাভ মেটাল’ বলা হয়।‘হিম’ ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন, ভিলে ভালো—ভোকালস, অ্যাকুইস্টিক গিটার, মিকো লিন্ডে লিন্ডস্টর্ম—গিটার, মিকো মিগে পানানেন—বেজ, মিকা ‘গ্যাস লিপস্টিক’ কার্পিনেন—ড্রামস, জানে বার্টন পুর্তিতেন— কিবোর্ড।‘হিম’ তাদের নতুন অ্যালবাম নিয়ে কাজ করছে। শ্রোতাদের জন্য অবশ্যই তাঁরা অসাধারণ কিছু গান উপহার দেবেন। আমরা তাঁদের নতুন অ্যালবামের অপেক্ষায় থাকলাম। মনোয়ারুল হক