হিমু দিবস ও হুমায়ূন মেলা
আগামীকাল ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনকে ‘হিমু দিবস’ হিসেবে পালন করবে চ্যানেল আই। থাকবে ‘হুমায়ূন মেলা’। হুমায়ূন মেলায় সবাইকে হলুদ পাঞ্জাবি পরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। মেলার মঞ্চে পরিবেশন করা হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র আর নাটকের গান। গাইবেন জনপ্রিয় শিল্পীরা। থাকবে আবৃত্তি, নাচ ও সাক্ষাৎকার। হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা করবেন তাঁর ঘনিষ্ঠজনেরা। আরও থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা আয়োজন। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে হিমুকে নিয়ে ভিসিডি অ্যালবাম হিমুর কথা। তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই হুমায়ূন মেলার।এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে হিমু দিবসে হুমায়ূন মেলার বিভিন্ন আয়োজন প্রসঙ্গে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইনমা মার্কেটিং সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ।কাল মঙ্গলবার বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে নানা রঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করবেন তাঁর মা আয়েশা ফয়েজ। উদ্বোধন থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত হুমায়ূন মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।