হিমু দিবস করবে চ্যানেল আই
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আগামী ১৩ নভেম্বর। ওই দিন চ্যানেল আই দিনব্যাপী ব্যতিক্রমী এক উৎসবের পরিকল্পনা করেছে। দিনটিকে ‘হিমু দিবস’ হিসেবে পালন করা হবে।হিমু দিবসে থাকবে হিমুদের শোভাযাত্রা, মেলা, গানের উৎসব, পথনাটক, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজন। এ ছাড়া হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের নিয়ে এই দিন হিমু ফাউন্ডেশনের সূচনা করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে।এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ইনমা মার্কেটিং সলিউশনসের ইন্তেখাব মাহমুদ। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, হুমায়ূন আহমেদের বহুমাত্রিক সৃষ্টি ধরে রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।