হিমু যখন অরু আপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটা শহরের ছোট্ট একটা পাড়া। ছোট্ট সেই পাড়ায় বড় জনপ্রিয় অরু আপা। পাড়াতো বোন অরু আপার ভক্তদের তালিকায় আছে ছোট ছোট ছেলেপুলে। আপদ-বিপদ কিংবা আনন্দ, যা-ই হোক, পাড়ার ছেলেপুলেরা প্রথমেই গিয়ে কড়া নাড়ে অরু আপার দরজায়। রাজ্যের অভাব-অভিযোগ-আবদার সব ওই কলেজপড়ুয়া পাড়াতো বোনটির কাছেই। তো, ওই অরু আপা গেছেন দিনাজপুরে, ছবির শুটিং করতে। সেখানেও হাজির পাড়ার ছেলেপুলের দল! রাত হয়েছে, রাত বলতে দূরের গির্জার দাদুঘড়িটা ১২ বার ঢং ঢং করার পর পেরিয়ে গেছে আরও ঘণ্টা দেড়েক। মানে রাত দেড়টা। শুটিং শেষে অরু আপা গিয়েছেন তাঁর ঘরে। বিশ্রাম চাই। কিন্তু ছেলেপুলেরা নাছোড়, তাদের আবদার, ‘রাতে তোমার ঘরেই থাকব আমরা!’মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস আমার বন্ধু রাশেদ যাঁরা পড়েছেন, এতক্ষণে নিশ্চয়ই অরু আপা আর পাড়ার ছেলেপুলেকে চিনে ফেলেছেন খুব সহজেই। তবে ওপরে অরু আপা আর ছেলেপুলেদের নিয়ে যে ঘটনার অবতারণা দেখলেন, তা কিন্তু সত্যিই। সেখানে ছবির শুটিংও চলছিল বটে। ছবির নাম আমার বন্ধু রাশেদ। মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটিকে ছবিতে রূপান্তর করেছেন মোরশেদুল ইসলাম। সরকারি অনুদানে তৈরি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। এতে অরু আপা চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু। এই ছবি দিয়েই বড়পর্দায় পয়লা মুখ দেখাবেন ছোটপর্দার এই অভিনেত্রী।ছবিতে অরু আপার চরিত্রে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই যেন ‘অরু আপা’ বনে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমু। বললেন চমৎকার সেই অভিজ্ঞতার কথা, ‘ছবিতে অভিনয় করতে গিয়ে সত্যি অরু আপা বনে গিয়েছিলাম যেন! আটজন বাচ্চা কাজ করেছে ছবিটিতে। শুটিং করতে গিয়েছিলাম দিনাজপুরে। তো, সেখানে শুটিং শুরু হওয়ার পর থেকেই ওই আট বাচ্চা আমাকে অরু আপা বলেই ডাকতে লাগল। দেখা গেল, শুটিং শেষেও একই ডাক—অরু আপা। শুধু ডাকই নয়, ‘আমার বন্ধু রাশেদ’-এ যেমন, ঠিক তেমনি করে বাচ্চারা তাদের সব আবদার-অভিযোগ নিয়ে আসতে লাগল আমার কাছে! এ যে কী অদ্ভুত এক অনুভূতি, বোঝানো মুশকিল।’ ছেলেপুলেরা কী আবদার করল? ওই যে শুরুতেই বলা হলো, রাতেও নাকি অরু আপা মানে হিমুর ঘরে থাকতে চায় সবাই! হিমু বললেন, ‘উপন্যাসটা আগেই পড়া ছিল। পরিচালক মোরশেদুল ইসলাম যখন জানতে চাইলেন, অরুর চরিত্রে অভিনয় করব কি না, তখন একমুহূর্ত দেরি না করে জানিয়ে দিয়েছিলাম, করব। উপন্যাসের গল্পটা যেমন প্রিয়, অরু চরিত্রটাও খুব ভালো লাগার চরিত্র আমার। বলতে পারেন, একটা স্বপ্নের চরিত্রের মতো।’ একে তো প্রিয় চরিত্র তার ওপর ছেলেপুলের সঙ্গে অমন ঘনিষ্ঠতা, ছবির শুটিংয়ের সময় এ বিষয়গুলো নিশ্চয়ই খুব ভালো কাজে দিয়েছিল। হিমুও তেমনটাই মনে করেন, ‘প্রথমে ভয় ছিল, মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটির অরুর মতো চরিত্রে নিজেকে মানাতে পারব কি না। কিন্তু বাচ্চাদের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে ওঠায়, মনেই হয়নি অভিনয় করছি। আমার বিশ্বাস, কাজটা ভালোভাবে করতে পেরেছি।’প্রথম ছবি, তা-ও আবার মুক্তিযুদ্ধের। হিমু মনে করেন, নতুন প্রজন্মের অভিনয়শিল্পী হিসেবে এটা তাঁর পরম পাওয়া, ‘স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হয়েছে, ঠিক এ সময় আমার বন্ধু রাশেদ-এর মতো ছবিতে অভিনয় করতে পারায় নিজেকে খুব সৌভাগ্যবান মানি। আর প্রথম ছবিতে অভিনয়ে শিহরণ তো আছেই। টেকনিক্যাল শোতে বড়পর্দায় নিজেকে প্রথম আবিষ্কার করে নিজের চোখকেই তো বিশ্বাস হয় না!’