হিরোগিরির বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান
শাহরুখ খান
শাহরুখ খান
আমির খান
আমির খান

কোনো তর্ক হবে না। হবে শুধু ধুন্ধুমার ছবি। ২০১৬ সাল সঙ্গে করে নিয়ে এসেছে ঝুলিভরা চমক, এটা কোনো দ্বিধা ছাড়াই বলা যায়। ২০১৬ সাল নিয়ে আসছে চাপা উত্তেজনা। রাত পোহালেই নতুন যে বছরটা শুরু হবে, তা শুধু বলিউড অভিনেতাদের। শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর কাপুর—কে নেই এই তালিকায়! তরুণ তুর্কি হিসেবে এ বছর পর্দায় সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, টাইগার শ্রফ আর নবাগত হর্ষবর্ধন কাপুরও আছেন। তাই অভিনেতাদের ওপরই এ যেন নির্ভর করছে ২০১৬ সালে বলিউড ভাগ্য।
আমির খান তো সেই কবে থেকে তাঁর দাঙ্গাল ছবি নিয়ে একের পর এক খবর দিয়ে যাচ্ছেন। ২০১৬ সালে তাঁর সেই সব খবর পূর্ণতা পাবে। আমিরের মোটা হওয়া, তাঁর ‘পর্দা’র কুস্তিগির মেয়েদের খোঁজ, পাকা চুলে বুড়ো হয়ে যাওয়া—সবকিছুই দেখা যাবে পর্দায়।

হর্ষবর্ধন
হর্ষবর্ধন

এ বছর কুস্তিগিরের বেশে দেখা যাবে সালমান খানকেও। বজরঙ্গি ভাইজান ছিল ২০১৫ সালে বলিউডের সবচেয়ে বড় সাফল্য। তাই সালমানের ওপর প্রত্যাশাটা এখন অনেক বেশি দর্শকদের। সেই প্রত্যাশার যোগ্য মূল্য দিতেই সালমানও বেশ আগে থেকে পরিশ্রম শুরু করেছেন। তিনিও আমিরের মতো নিজেকে তৈরি করছেন লম্বা সময় নিয়ে। তাঁর পরিশ্রমের ফল এরই মধ্যে আলোচনায় এসেছে কয়েকবার। তাই নতুন বছরে সালমানের ঈদের ছবি সুলতান ঘিরে উত্তেজনা যে আরও বাড়বে, তা বলে দিয়েছেন অনেক দর্শক।

সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

শাহরুখ খান কিন্তু অন্য দুই খানের চেয়ে ২০১৬ সালে অনেক এগিয়ে আছেন। বাকি দুই খান যেখানে একটি করে ছবি নিয়ে ব্যস্ত, সেখানে শাহরুখ তৈরি হচ্ছেন তাঁর দু-দুটো ছবি নিয়ে, রাইস ও ফ্যান। সবার আগে জুলাই মাসে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে শাহরুখ খানের ছবি রাইস। এতে শাহরুখকে দেখা যাবে খানিকটা নেতিবাচক চরিত্রে। যেমনটি এর আগে বাজিগর কিংবা ডন ছবিতে দেখা গিয়েছিল। অন্যদিকে সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ফ্যান ছবিটি হবে রাইস থেকে একেবারেই আলাদা। তাই দুটো ছবি ঘিরে আগ্রহ আর কৌতূহল দানা বাঁধছে শাহরুখ-ভক্তদের মনে।
খানদের কথা তো গেল। এবার একটু বলিউডের বাকি মহারথীদের দিকে আসা যাক। ২০১৫ সালে দৃশ্যম ছবির সাফল্যের পর অজয় দেবগন আসছেন শিভে নিয়ে। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের আসনেও থাকছেন তিনি। তাই অজয়ের কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার প্রত্যাশা তো থাকছেই বলিউডপ্রেমীদের।
এবার একটু বলিউডের তরুণ তুর্কিদের কথা শোনা যাক। রণবীর কাপুর, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, বরুন ধাওয়ান ও টাইগার শ্রফ—তাঁরা সবাই তৈরি হচ্ছেন এক বা একাধিক ছবি নিয়ে। কয়েক বছর ধরেই কৌতূহলের মোড়কে নিজেকে ঢেকে রেখেছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন। এ বছর অভিষেক ঘটছে তাঁর রাকেশ ওম প্রকাশ মেহরার মির্জা ছবির মধ্য দিয়ে।

অর্জুন কাপুর
অর্জুন কাপুর

তবে সব যদি নায়কদের কথাই বলা হয়, তাহলে কি বলিউডে এ বছর কোনো চমক দেখাবেন না অভিনেত্রীরা? চমক দেখাবেন অবশ্যই। এই যেমন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং বলিউড ছবি বাজিরাও মাস্তানি দিয়ে আলোচনায় থাকার পর এবারও তিনি চমক দেখাবেন বলে ঠিক করেছেন। এ বছর তাঁকে দেখা যাবে মারদাঙ্গা চরিত্রে প্রকাশ ঝা পরিচালিত জয় গঙ্গাজল ছবিতে। তা ছাড়া ২০১৪ সাল মাত করা কঙ্গনা রনৌতও এ বছর আবার জ্বলে ওঠার অপেক্ষায় আছেন বিশাল ভরদ্বাজের রেঙ্গুন ছবি দিয়ে। এ ছবিতে কঙ্গনাকে দেখা যাবে সাইফ আলী খান ও শহীদ কাপুরের সঙ্গে।

অজয় দেবগন
অজয় দেবগন

তবে ২০১৬ সালে কিন্তু বলিউডপ্রেমীরা ভুগবেন কিঞ্চিৎ হতাশায়। কারণ, প্রায় তিন বছর ধরে বলিউড বক্স অফিস দখলে রাখা দীপিকা পাড়ুকোনকে এ বছর দেখা যাবে না কোনো নতুন ছবিতে। বাজিরাও মাস্তানির পর তিনি কোনো নতুন ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি। তবে এসব ভেবে দীপিকাভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কিছুদিন আগে ফেসবুকে প্রকাশ করা হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে তাঁর ছবি কিন্তু আভাস দিচ্ছে আরও বড় সুখবরের। তাই ২০১৬ সালে বলিউডে অভিনেত্রীদের দাপট কম থাকছে বলে আপাতত মনে হলেও, যেকোনো সময় বদলে যেতে পারে হাওয়ার মোড়। কারণ দীপিকা, কঙ্গনা কিংবা প্রিয়াঙ্কাকে মতো বলিউডকন্যাদের ব্যাপারে তো আর বলা যায় না, হিরোদের ‘হিরোগিরি’ যেকোনো সময়ই তাঁদের হাসির সামনে ফিকে পড়ে যেতে পারে।

আইএএনএস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু ও মিড ডে অবলম্বনে