হিরো, চলো হাসপাতালে...

৪ নম্বর ফ্লোরের গ্রিনরুমে চলছে খাওয়ার বিরতি। ফাঁকে গ্রিনরুমে বসে কয়েকজনের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছেন বাপ্পী। একগাল হাসিতে আমাদের স্বাগত জানালেন। কথা বলতে বলতেই হঠাৎ গেয়ে উঠলেন, ‘আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমায় পাব না।’ তার পরই ছন্দপতন। হেসে ফেলে বললেন, ‘পরের লাইন তো আর পারি না। ভুলে গেছি।’ বললেন, ‘গানটি অসাধারণ হয়েছে। মুখে চলে আসে বারবার।’ এর মধ্যে গ্রিনরুমে হাজির হলেন পরিচালক সাহাদত হোসেন লিটন। বাপ্পীকে বললেন, ‘হিরো, চলো হাসপাতালের সেটে। শটটি নিয়ে নিই।’ এরপর তিনি সেটের দিকে রওনা দিলেন। পেছনে পেছনে আমরাও। তখনো ছবির নামধাম কিছুই জানা হয়নি। হাঁটতে হাঁটতে কথা বলি পরিচালকের সঙ্গে। জানালেন, এ ছবির নাম লাভ এক্সপ্রেস। বাপ্পীর বিপরীতে মিষ্টি নামের নতুন একজন শিল্পী কাজ করছেন। কথা বলতে বলতে পাশেই ৮ নম্বর ফ্লোরের সেটে পৌঁছে গেছি ততক্ষণে।
দৃশ্য-২
৩ নম্বর ফ্লোরের মূল দরজার মুখে জটলাটা বেশ বড়। কৌতূহল নিয়ে স্টুডিওর ভেতরে ঢুকে যাই। স্টুডিওর মধ্যে যেন পা ফেলার জায়গা নেই। গণমাধ্যমের অনেক কর্মী এসেছেন। অন্যদিন শুটিংয়ে তো সাংবাদিক বা এত মানুষের আনাগোনা দেখা যায় না। পাশেই দাঁড়ানো একজন ইউনিটকর্মী বললেন, পরিচালক চাষী নজরুল ইসলামের নতুন ছবি অন্তরঙ্গ-এর মহরত আজ। তিনি সবাইকে দাওয়াত করেছেন।
মঞ্চে গানের সেট ফেলা হয়েছে। অভিনয়শিল্পী আলিশা প্রধান ও ইমনকে নাচের মুদ্রা দেখিয়ে দিচ্ছেন একজন নৃত্যশিল্পী। এর মধ্যে পরিচয় হয় সহকারী পরিচালক সেতুর সঙ্গে। তখনো চাষী নজরুল ইসলাম সেটে এসে পৌঁছাননি। সেতু বললেন, আলিশা প্রধানের একটা গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে ছবির মহরত হবে। পরিচালকের জন্য সবার অপেক্ষা। কিছু সময় পরই পরিচালক হাজির হলেন। সংবাদমাধ্যমের কর্মীরা তাঁকে ঘিরে ধরলেন। তিনি বললেন, ‘ইমন ও আলিশা প্রধানকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। শিগগিরই কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে।’