হিরোইন কারিনার পুরস্কারের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ছবি হিরোইন অবশেষে মুক্তি পেয়েছে। বলিউডে কোনো নারীপ্রধান ছবি মুক্তির আগে এতটা প্রচারণা পায়নি, যতটা পেয়েছে হিরোইন। পরিচালক মধুর ভান্ডারকার একজন নায়িকার জীবনকাহিনি নিয়ে ছবি নির্মাণ করবেন—ব্যস, প্রচারমাধ্যমের ব্যস্ততা বেড়ে গিয়েছিল। কে হবেন সেই নায়িকা? কারিনা কাপুরের ব্যস্ততার দোহাই দিয়ে ফিরিয়ে দেওয়া, অতঃপর বেশ কিছু সংশোধনের মাধ্যমে ঐশ্বরিয়ার ছবিটি করতে রাজি হওয়া এবং সবশেষে ঐশ্বরিয়ার মা হতে যাওয়ার খবরে তাঁকে বাদ দেওয়া—আলোচনা এখানেই শেষ হয়নি। ঐশ্বরিয়ার প্রস্থানের পর কে হবেন ‘হিরোইন’, তা নিয়ে আলোচনা শুরু হয় সর্বত্র। মধুর ভান্ডারকার আবার ফিরে যান কারিনার কাছে। কারিনা এবার নানা ধরনের শর্ত ধরিয়ে দিয়ে ছবিটি করতে রাজি হন। চাউর হয়ে যায় নায়িকাদের মধ্যে সর্বোচ্চ আট কোটি রুপি এবং লভ্যাংশ দাবি করে কারিনা ছবিটি করতে রাজি হয়েছেন। তবে প্রকৃত সত্য হলো, কারিনা এ ছবিতে তিন কোটি রুপি পেয়েছেন। সঙ্গে পেয়েছেন ১৩০টি পোশাক! যার একটি পোশাকের মূল্য দেড় কোটি রুপি! এসবই পুরোনো কাসুন্দি। নতুন খবর হলো, এ সপ্তাহে হিরোইন মুক্তি পেয়েছে এবং ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি তিন দিনে ঘরে তুলেছে ২৫ কোটি রুপি! সাধারণ হিটের দিকে হিরোইন ছুটছে, তবে মধুরের আশা ছিল এই ছবিটি ব্লকবাস্টার হিট হবে। সাধারণ দর্শক কিংবা সমালোচক কেউই এ ছবিকে মধুরের সেরা ছবি মানতে রাজি নন। একজন নারীর সংগ্রাম করে শীর্ষ অবস্থান দখল করা, নিজের খ্যাতির খাঁচায় নিজেকে বন্দী করা, বিশ্বস্ত নায়কের সঙ্গে প্রেম, অতঃপর ধোঁকা, ঈর্ষান্বিত সহকর্মী, খ্যাতির শীর্ষে উঠে ধরাকে সরা জ্ঞান করা, ধূমপান-মাদকে আসক্ত হয়ে পড়া, সমকামী মিডিয়া ব্যক্তিত্ব এবং সেই প্রধান চরিত্রের জীবন নৌকায় পিছলে পড়া—সবই দর্শক দেখেছে মধুরের ফ্যাশন ছবিতে। দর্শকের অভিমত, হিরোইন মধুরের পেইজ থ্রি এবং ফ্যাশন ছবির ককটেল। কোনো নতুনত্ব নেই। সমালোচক তরণ আদর্শের মতে, ‘এ ছবিতে নায়িকার পতনের ওপর আলো ফেলা হয়েছে বেশি। উত্থানের গল্পটা আরেকটু বেশি থাকলে গল্পটা জমত। তা ছাড়া হিরোইন-এ গ্ল্যামার কম, নাটকীয়তা বেশি।’কারিনা বলেছিলেন, ছবির মাহি অরোরা চরিত্রের সঙ্গে তাঁর কোনো মিল নেই। তবে মাহি এবং কারিনার জীবন যেন একই সুতোয় গাঁথা। ছবিতে কারিনার নায়ক অর্জুন রামপাল চিত্রনায়ক, ডিভোর্সড। কারিনাকে বিয়ের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগে। বারবার বিয়ের তারিখ পিছিয়ে দেয়। বাস্তবেও কারিনার প্রেমিক সাইফ আলী খান বারবার বিয়ের তারিখ পিছিয়ে দিচ্ছেন। শোনা যাচ্ছে সাইফের মা শর্মিলা ঠাকুর এবং কারিনার মা ববিতা ১৬ অক্টোবর বিয়ের তারিখ ঠিক করলেও সাইফ তাঁর প্রযোজিত গো গোয়া গন ছবির জন্য বিয়েটা আরেক দফা পেছাতে পারেন। ছবিতে মাহি অরোরার ছেলেবেলায় মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। কারিনার বাবা রণধীর কাপুর এবং মা ববিতাও কারিনার জন্মের কিছুদিন পর আলাদা হয়ে যান। ছবিতে মাহি অরোরা নিজের অভিনয় প্রতিভা তুলে ধরার জন্য বিকল্পধারার ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন। বাস্তবেও কারিনা ২০০৩ সালে নিজের ইমেজ থেকে বেরিয়ে আসার জন্য বিকল্পধারার ছবি চামেলিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। মাহি অরোরা তাঁর ছবি মুক্তির ঠিক এক দিন আগে বাজারে একটি উত্তেজক টেপ ছেড়ে দেন, যাতে তাঁর ছবি ব্লকবাস্টার হিট হয়। বাস্তবেও শহীদ কাপুরের সঙ্গে কারিনার কিসিং টেপের ভিডিও বের হয় ২০০৪ সালে। ছবিতে মাহি অরোরা মুগ্ধ গোডসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে থাকেন সারাক্ষণ। বাস্তবে কারিনা এমন সম্পর্ক রক্ষা করছেন তাঁর সাবেক প্রেমিকের বর্তমান প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।কারিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ফ্যাশন-এ প্রিয়াঙ্কা যা অভিনয় করেছে, আমি তাঁকে ছাড়িয়ে গিয়েছি হিরোইন-এ।’ এ মন্তব্য শুনে প্রিয়াঙ্কা বলেন, ‘আঙুর ফল টক। এ কথা একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বললে খুশি হতাম। কিন্তু বাস্তবতা হলো, ফ্যাশন ছবির জন্য আমার হাতে এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর যিনি মন্তব্যটি করেছেন, তিনি আজ পর্যন্ত এই রাষ্ট্রীয় পুরস্কারটিই পাননি।’ তবে ঐশ্বরিয়া প্রসঙ্গে কারিনার বক্তব্য বিস্ময়করভাবে নরম। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া একজন আইকন, সত্যিকারের সুন্দরী। তিনি মাহি চরিত্রটি করলে হয়তো তাঁর মতো করতেন। আমি করেছি আমার মতো। টানা আট মাস অন্য কোনো কাজ করিনি। ৭২ দিন শুটিং করেছি। আর বাকি দিনগুলোতে প্রস্তুতি, ডাবিং, প্রচারণা!’ কারিনা তাঁর এই আন্তরিকতার ফল পেয়েছেন। প্রায় সব সমালোচকই রায় দিয়েছেন হিরোইন ছবির প্রাণ কারিনা। তিনি না থাকলে গৎবাঁধা এই ছবিটি প্রাণ হারাত। কারিনা আগামী বছর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারিনা কাপুরের ৩২তম জন্মদিনে মুক্তি পেয়েছে হিরোইন। অভিনয়-জীবনের সেরা তিনটি ছবি হিসেবে হিরোইনকে উল্লেখ করে কারিনা বলেন, ‘আমরা অভিনেতা-অভিনেত্রীরা বরাবরই হীনম্মন্যতায় ভুগি, জনপ্রিয়তা হারানোর ভয়ে। আজ যাকে নিয়ে তামাম দুনিয়া আলোচনায় মুখর, কাল হয়তো সে “নিজ গৃহে পরবাসী” হয়ে, মরে পড়ে থাকবে, কেউ খবরও নেবে না! হিরোইন ছবি সেই বাস্তবতার ওপর আলো ফেলেছে। আমার ক্যারিয়ারে গর্ব করার মতো একটি সংযোজনের নাম হিরোইন।’  রুম্মান রশীদ খানপ্ল্যানেট রেডিওসিটি, টাইমস অব ইন্ডিয়া, রেডিফ, আইএএনএস, ডিএনএ ইন্ডিয়া, আইবিএন, বলিউড হাঙ্গামা ডট কম অবলম্বনে