হিরোইনের ‘নকল’ পোস্টার! (ভিডিও)
মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবির হিরোইন বা নায়িকা কারিনা কাপুরের প্রথম পোস্টারটি দেখে অনেকেরই চোখ বড় হয়ে যাওয়ার কথা। তবে দ্বিতীয়বার এটি দেখে অনেকেই হয়তো ভাবতে বসবেন, হিরোইনের পোস্টারে কারিনার বিশেষ ভঙ্গিমাটি কোথায় যেন দেখেছেন! মার্কিন কণ্ঠশিল্পী মারায়া ক্যারির ‘দ্য ইমানসিপেশন অব মিমি’ নামের অ্যালবামটির বিজ্ঞাপনী প্রচারণায় ব্যবহূত ছবিটি দেখলে তাদের এ ভাবনার সমাধান মিলবে। মারায়া ক্যারি তাঁর অ্যালবামের জন্য ঠিক যে ভঙ্গিমার ছবি তুলে এর প্রচারণা চালিয়েছিলেন, হিরোইনের কারিনা কাপুরকেও সেই একই ভঙ্গিতেই হিরোইনের পোস্টারে তুলে ধরা হয়েছে।‘হিরোইন’-এর এ পোস্টারটির জন্য বলিউডের চলচ্চিত্রবোদ্ধাদের সমালোচনার মুখে পড়েছেন পোস্টারটির নকশাকার। চলচ্চিত্রবোদ্ধাদের মতে, কোনো বিষয় থেকে উত্সাহ পেয়ে সৃষ্টিশীল কিছু করাটা গ্রহণযোগ্য কিন্তু হুবহু নকল করাটা নয়। তাঁদের মতে, হিরোইন ছবিতে কারিনার বিশেষ ভঙ্গিমা ফুটিয়ে তুলতে মারায়া ক্যারির ওই বিজ্ঞাপনী প্রচারণার ছবিটিই হুবহু অনুকরণ বা সোজা কথায় নকল করা হয়েছে।