
শাকিব খান। জনপ্রিয় নায়ক। এবারের ঈদে মুক্তি পেয়েছে তাঁর তিনটি চলচ্চিত্র। আগামী বছরের শুরুতে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে
ঈদের যত ছবি...
এবারের ঈদে আমার তিনটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, পূর্ণদৈঘ্য প্রেমকাহিনি এবং প্রেমিক নাম্বার ওয়ান। ছবিগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, নিপুণ, জয়া আহসান ও ববি।
আমার পছন্দের...
তিনটি ছবির গল্প তিন ধরনের। কোনটিকে একই ধারায় ফেলা সম্ভব নয়। দুটি ছবির শুটিংও হয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। আর দেশে শুটিং হওয়া ছবিটির কাজ বেশ সময় নিয়ে হয়েছে। তিনটি ছবিই সুপারহিট হওয়ার পথে।
রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে নাকি ছবিগুলো ব্যবসায়িক সফলতা সেই অর্থে পায়নি। আপনি কতটা একমত?
রোজার ঈদে ছবি মুক্তি পেয়েছে তিনটি। এবারের ঈদে চারটি। ব্যবসা সব কটি ছবিতে ভাগ হয়ে যাওয়াতে তেমনটা মনে হচ্ছে। যতদূর জানতে পেরেছি, সব কটি ছবির প্রযোজকই ছবির ব্যবসায়িক সাফল্যে খুশি।
আপনার নায়িকারা
অপুর সঙ্গে আমার জুটি নিয়ে তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। জয়া এর আগে চোরবালির মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। পূর্ণদৈঘ্য প্রেমকাহিনি ছবিতে জয়া আর আমার কেমিস্ট্রি দর্শকেরা ভালোভাবেই গ্রহণ করেছে। ববি আমার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপনচিত্রের সাফল্যের পরই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে অভিনয় করেছেন।
প্রযোজক শাকিব...
অবশেষে আমার প্রথম প্রযোজিত ছবির শুটিংসহ সবকিছু চূড়ান্ত করেছি। এসকে ফিল্মস প্রযোজিত ছবিটির শুটিং ফেব্রুয়ারিতে শুরু করব। আমার ছবির নায়িকা হচ্ছে অপু ও ববি।
বিয়ে...
অবশ্যই আমার ও পরিবারের পছন্দেই বিয়ে করব। সে ক্ষেত্রে লক্ষ্মী স্বভাবের মেয়েই পছন্দ, যে আমার সংসারটাকে সামলে রাখবে। কারণ, একজন হিরোর সংসার সামলানোও চাট্টিখানি কথা না।
মনজুর কাদের