হিরোশিমা দিবসের আয়োজন
হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনা স্মরণে ‘হিরোশিমা দিবস’ পালন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।মুক্তিযুদ্ধ জাদুঘর: ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার সময় সাদাকো সাসাকি ছিলেন শিশু। সেই বোমার তেজস্ক্রিয়তায় ১৯৫৫ সালে কিশোরী অবস্থায় তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধ জাদুঘর সাদাকোর স্মরণে হিরোশিমা দিবসে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল শনিবার সকালে জাদুঘরের নিজস্ব প্রাঙ্গণে স্যালভেশন ইন্টারন্যাশনাল স্কুলের শিশুশিক্ষার্থীরা ‘মঙ্গলদ্বীপ জ্বেলে’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে। স্বাগত বক্তব্য দেন প্রাবন্ধিক মফিদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাপানি দূতাবাসের প্রথম সচিব হিদেকি ইগাওয়া। সাদাকোর কাহিনি পাঠ করে শোনান কাজী বুশরা আহমেদ।সাদাকোর মৃত্যু তার স্কুলের বন্ধুদের আলোড়িত করে। তারা জাপানের লোককাহিনী অনুসারে সাদাকোর স্মরণে হাজারটা সাদা কাগজের সারস পাখি তৈরি করে। জাপানের সব স্কুলের শিক্ষার্থী অর্থ সংগ্রহ করে তার স্মরণে নির্মাণ করে যুদ্ধবিরোধী ভাস্কর্য।মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান প্রাঙ্গণও সাজানো হয়েছিল সাদা কাগজে তৈরি এক হাজার সারস পাখি দিয়ে।স্যালভেশন ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াও অনুষ্ঠানে অংশ নেয় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল ও ঘাসফুল শিশু-কিশোর সংগঠনের শিশুশিল্পীরা।স্বপ্নদল: নাটকের দল ‘স্বপ্নদল’। ‘যুদ্ধাপরাধীর বিচার চাই, যুদ্ধবাজ নিপাত যাক’—এ প্রতিপাদ্য নিয়ে শনিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে আলোকচিত্র প্রদর্শনী ও নাট্য মঞ্চায়নের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।অনুষ্ঠানমালার প্রথম পর্বে ছিল বেলা তিনটা থেকে পরীক্ষণ থিয়েটারের লবিতে জাপানের হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম প্রকাশিত হিরোশিমা-নাগাসাকির দুর্লভ আলোকচিত্রভিত্তিক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা।অনুষ্ঠানে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের শিশুরা জাপানি সংগীত পরিবেশন করে। সন্ধ্যায় নাট্য সংগঠন স্বপ্নদল হিরোশিমা-নাগাসাকির ঘটনানির্ভর যুদ্ধবিরোধী নাটক ‘ত্রিংশ শতাব্দী’র ৫০তম মঞ্চায়ন হয়। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হিরোশিমা ও নাগাসাকি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে গতকাল যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ তপন চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।প্রদর্শনীতে ১০০টি যুদ্ধবিরোধী আলোকচিত্র ও ১০টি যুদ্ধবিরোধী কার্টুনচিত্র স্থান পায়।