হিলি শূন্যরেখায় ‘রাখিবন্ধন’ উৎসব
রক্তের বন্ধন নেই, কিন্তু হূদয়ে ভালোবাসা আছে; আছে সংস্কৃতির টান। সেই আন্তরিকতা ও সম্পর্ক সুদৃঢ় করতে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরের শূন্যরেখায় দুই বাংলার বোনেরা উভয় দেশের ভাইদের হাতে রাখি পরানোর মধ্য দিয়ে পালন করলেন ‘রাখিবন্ধন উৎসব’। ভারতের পশ্চিমবঙ্গের কোলাহাট পূর্ব মেদিনীপুর জেলার ‘ভাষা ও সংস্কৃতি’ নামে সংগঠনটি মূলত ‘রাখিবন্ধন’ উৎসবের আয়োজন করে। তাতে সাড়া দেয় বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমী।সকাল ১০টা ৩০ মিনিটে দুই বাংলার শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে হিলি স্থলবন্দরের শূন্যরেখায় মিলিত হন। শূন্যরেখার বিশাল অশ্বত্থগাছের নিচে দুই বাংলার শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে যোগ দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সৈনিকেরাও।ভারতের বালুরঘাট ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী নৃত্যশিল্পী তৃষা রায়, স্কুলছাত্রী সলোনী তিওয়ারি প্রমুখ বাংলাদেশের শিল্পীকর্মীদের হাতে রাখি পরিয়ে ‘রাখি ভাই’ সম্পর্কে আবদ্ধ করেন। অন্যদিকে, বাংলাদেশের হাকিমপুর শিল্পকলা একাডেমীর শিল্পী সাবরিনা ইয়াসমিন, হামিদা আক্তার, ময়ূরী দেবনাথ, কিমি দেবনাথ রাখি পরিয়ে দেন ভারতীয় শিল্পীকর্মী, শিক্ষক-সাংবাদিক ও বিএসএফের কর্মীদের হাতে।এই দৃশ্য দেখে বিএসএফের নারী সৈনিকেরা এগিয়ে এসে বাংলাদেশের বিজিবি কর্মকর্তা ও সৈনিকদের হাতে রাখি পরিয়ে দেন।