হিল্লোল-নওশীন জুটির যাত্রা শুরু
হিল্লোল-নওশীন জুটির দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘হ্যালো অমিত’-এর মহরত আজ বুধবার। মহরতের পর একটি গানের দৃশ্যের শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রে এ নতুন জুটির যাত্রা শুরু হচ্ছে। হিল্লোল এখন পর্যন্ত কোনো সিনেমায় কাজ না করলেও নওশীন একটি সিনেমায় কাজ শুরু করেছেন। শফিকুল ইসলাম ভৈরবীর ‘শুয়াচান পাখি’ নামের ওই সিনেমায় নওশীনের বিপরীতে নায়ক হিসেবে কাজ করছেন ছোট পর্দার আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন। সিনেমায় এটা দুজনেরই প্রথম কাজ হলেও তাঁরা দুটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন। এগুলোর একটি ছিল ধারাবাহিক এবং অন্যটি এক ঘণ্টার নাটক। হ্যালো অমিত নামের এ ছবিটি পরিচালনা করবেন শঙ্খ দাশগুপ্ত। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে হিল্লোল বললেন, ‘অনেক দিন ধরে ছবিতে কাজ করব ভাবছিলাম। অবশেষে সেটা আজ থেকে হতে যাচ্ছে। এ ছবির যে গল্প, তা আমার জন্য একদম উপযুক্ত। তাই কোনো কিছু না ভেবেই ছবিটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গেলাম। ছবিতে নিয়মিত কাজ করব কি না, তা এখনই বলতে পারছি না।’হ্যালো অমিত সম্পর্কে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ছবির গল্প একটা ছেলের চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্নকে নিয়ে। সে স্বপ্ন দেখে একদিন অনেক বড় একজন নির্মাতা হবে। হিল্লোলের বান্ধবী নওশীন একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। বান্ধবীর কাছ থেকে হিল্লোল টাকা ধার নেন সিনেমা বানানোর জন্য। আর মনে মনে ভাবেন, একদিন তিনি অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে ভালো একটি ছবি বানাবেন। আর এ স্বপ্নটাই ছেলেটিকে সব সময় তাড়িয়ে বেড়ায়। আপাতত এটুকুই বলতে চাচ্ছি। বাকিটা ছবি মুক্তি পেলে দর্শকেরা দেখতে পাবেন।নওশীন বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। গল্পটি ভালো, তাই কাজ করছি। আজ থেকে এর শুটিং শুরু হচ্ছে। আমার বিশ্বাস খুব ভালো একটি ছবি উপহার দিতে যাচ্ছি আমরা।’