হুইটনিকে নিয়ে ছবিতে রিয়ান্না থাকছেন না
প্রয়াত মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের খবরকে সম্প্রতি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন গায়িকা ও অভিনেত্রী রিয়ান্না।অথচ মাত্র কিছুদিন আগে এক সাক্ষাত্কারে রিয়ান্না বলেছিলেন, ‘হুইটনির মতো একজন শিল্পীর জীবনী নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমার পুরো জীবন দিয়ে দিতে পারি।’ মূলত এর পর থেকেই খবর ছড়িয়েছিল যে হুইটনির জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন রিয়ান্না। বিষয়টি জানার পর ২৪ বছর বয়সী এই গায়িকা বলেছেন, ‘এটা স্রেফ গুজব। আমাকে ঘিরে খবর চাউর হয়েছে, অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না।’ এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।রিয়ান্না আরও বলেছেন, ‘সাক্ষাত্কারে আমি যা বলেছিলাম, সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। অবশ্যই হুইটনির মতো শিল্পীর জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমার পুরো জীবন দিয়ে দিতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি সেই চলচ্চিত্রে অভিনয় করছি। নিঃসন্দেহে এটি অনেক বড় একটি বিষয়। যে-ই করুক না কেন, অনেক যত্ন নিয়ে কাজটি করতে হবে তাঁকে।’এদিকে হুইটনিকে সংগীতের অনুপ্রেরণা উল্লেখ করে রিয়ান্না বলেছেন, “হুইটনির ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানটি শুনেই সংগীতের প্রেমে পড়েছিলাম। গানটি শোনার পর সংগীতের প্রতি অন্য রকম একটি ভালোলাগা জন্ম নিয়েছিল আমার ভেতর। গানটি শুনে সত্যিই অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলাম। কাজেই বলা যায়, আজ সংগীতভুবনের আমার বিচরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অকালপ্রয়াত এই শিল্পী।”