হুইসেল কুইন থেকে কাপওয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবন্তি সিঁথি ছবি: ক​িবর হোসেন
অবন্তি সিঁথি ছবি: ক​িবর হোসেন

অবন্তি সিঁথি পুরোদস্তুর একজন সংগীতশিল্পী। ২০১২ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সেরা দশেও জায়গা করে নিয়েছিলেন তিনি। গানের ভুবনে তাঁর বিচরণ ছোটবেলা থেকেই। সেই বিচরণের কল্যাণেই তাঁর জায়গা হয়েছিল সেরা ১০-এ। এত অর্জন খুব বেশি ছাপ ফেলতে পারেনি তখন। কিন্তু সিঁথির জীবন বদলে গেছে প্রায় পাঁচ মাস আগে। ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি কাপ বাজিয়ে গেয়ে আপলোড করেছিলেন ফেসবুকে। তারপর তাঁকে নিয়ে মোটামুটি আলোড়ন পড়ে যায়। সিঁথির ভাষায় ওই গানটি অনলাইনে ‘ভাইরাল’ হয়ে গিয়েছিল।
এই ‘কাপ সং’ করার দক্ষতাই তাঁকে পৌঁছে দিয়েছে জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতা সারেগামাপাতে। তবে এ গল্প খানিক পরে শোনা যাক। বরং অবন্তির মুখে শুনি গানের প্রতিযোগিতার গল্প।
২০১২ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা চলার সময় তাঁকে ডাকা হতো ‘হুইসেল কুইন’ নামে। এভাবে ডাকার কারণটা বললেন অকপটে। ‘ওই প্রতিযোগিতার সময় ঠোঁট দিয়ে শিষ বাজিয়ে গান করতাম। এ কারণে সবাই আমাকে হুইসেল কুইন ডাকত। এটা কিন্তু আমার কাছে বেশ লাগত।’
সেই হুইসেল কুইন কাপ বাজিয়ে গান করবেন আর চাউর হবে না, তা তো হয় না। সেই চাউর হওয়াটা ‘সারেগামাপা’তে কীভাবে পৌঁছাল তাই জানতে চাইলাম অবন্তির কাছে।
গত রোববার প্রথম আলো অফিসে এসে সারেগামাপাতে যাওয়ার গল্পটা শুনিয়ে গেলেন তিনি। ‘ফেসবুকের মাধ্যমে ‘সারেগামাপা’র গ্রুমার রথীজিৎ দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি আমার কাপ সং শুনে প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিলেন। কিন্তু আমি সাহস দেখাইনি। তারপর তিনি আমাকে বলে রেখেছিলেন কলকাতায় গেলে যেন আমি যোগাযোগ করি। আমি এ মাসের শুরুতে কলকাতায় গিয়ে রথীজিৎদার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে প্রস্তাব দিলেন অতিথি মিউজিশিয়ান হয়ে যেন আমি অনুষ্ঠানে অংশ নিই।’
তারপর তো সবাই জানেন। এরই মধ্যে দেশের সংবাদমাধ্যমে সিঁথিকে নিয়ে ঢের সংবাদ প্রকাশ পেয়েছে। সিঁথির কাছে জানতে চাই দুই বাংলাতেই জনপ্রিয় এই অনুষ্ঠানে কাপ বাজিয়ে কেমন লাগল?
সিঁথি যা বললেন তা অনেকটা এ রকম: ‘আসলে এটা মুখে বলতে পারব না। আর বললেও ঠিকঠাক সেই অনুভূতি প্রকাশ পাবে না। খুব নার্ভাস ছিলাম। কিন্তু বাজানো শেষ করার পর যেভাবে সবাই প্রশংসা করলেন, তাতে আমি মুগ্ধ।’
তবে দর্শকদের মুগ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন সারেগামাপায় প্রচারিত হবে সিঁথির কাপ সং। শোনা যাবে সিঁথির বাজনা নিয়ে বিচারক কুমার শানুর প্রশংসাও।
জানালেন, এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার গান করেছেন। গান প্রকাশ পেয়েছে মিশ্র অ্যালবামেও। ইউটিউবে আছে দুটি গানের মিউজিক ভিডিও।
এতসব তথ্য দিয়ে দেওয়ার পর জানিয়ে রাখলেন আগামী দিনের পরিকল্পনাগুলো। খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে একটি একক অ্যালবাম। এরই মধ্যে সেই প্রস্তুতি নেওয়া শেষ।
কথা শেষ করার আগে আগে এই কাপওয়ালী জানালেন, এগিয়ে যেতে চান গান নিয়ে। নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে দেখতে চান। তাই এখনকার ব্যস্ততা গান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে।