হুগো টেলিভিশন পুরস্কার পেল ‘সিসিমপুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকাগোর হুগো টেলিভিশন পুরস্কার পেয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। চতুর্থ বর্ষের ‘রিদম ইজ এভরিহয়্যার’ শিরোনামে প্রচারিত ৩১তম পর্বের জন্য সিসিমপুর এই পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশন থেকে এ খবর জানানো হয়েছে।বিটিভিতে এখন সিসিমপুর অনুষ্ঠানের পঞ্চম বর্ষের পর্বগুলো দেখানো হচ্ছে। নয়নতারা কমিউনিকেশন সূত্রে জানা গেছে, গত সোমবার এ অনুষ্ঠানের ষষ্ঠ বর্ষের পর্বগুলোর কাজ শেষ হয়েছে। এ পর্বগুলোর কাজ হয়েছে সাভারের আশুলিয়ার কুটুরিয়ার টোয়েন্টি মাইলস স্টুডিওতে।জানা গেছে, ষষ্ঠ বর্ষের পর্বগুলোতে প্রকৃতির প্রতি শিশুদের ইতিবাচক মনোভাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতির বিশাল জগত্ সম্পর্কে শিশুদের ধারণা আরও গভীর করার পাশাপাশি তাদের কিছু অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করা হয়েছে, যাতে তারা পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হয়।ষষ্ঠ বর্ষের একটি পর্বে দেখানো হবে, সিসিমপুরে ভূমিকম্প হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে খুদে দর্শকদের ভূমিকম্পের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় ভয় না পেয়ে কীভাবে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হয়—সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে।নয়নতারা কমিউনিকেশনের প্রকল্পপ্রধান সারা যাকের বলেন, ‘সিসিমপুর একটি প্রাক-প্রাথমিক শিক্ষামূলক অনুষ্ঠান। শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষা দেওয়াই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’