
গানের ভিডিওর মডেল হিসেবেই পরিচিতি পেয়েছেন তানজিন তিশা। বিজ্ঞাপনচিত্র আর নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার তাঁকে বড় পর্দায়ও দেখা যাবে। ঢাকার দুটি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত তিশার প্রথম সিনেমা তুমি রবে নীরবে। ইমপ্রেস টেলিফিল্ম থেকে তৈরি এই সিনেমার পরিচালক মাহবুবা ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই সিনেমা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিশা।
নামের আগে ‘নায়িকা’ শব্দটি যোগ হচ্ছে, কেমন লাগছে?
দুই বছর আগে যখন আমরা শুটিং করেছিলাম, তখন জেনেছিলাম, এটি টেলিছবি। কিছুদিন আগে শুনলাম, এটি সিনেমা হয়ে গেছে। সেই অর্থে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। নিঃসন্দেহে খুব ভালো লাগছে।
বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি কেমন হতে পারে?
অনেক দিন ধরে আসি আসি করেও আসা হচ্ছিল না। আমি খুবই সৌভাগ্যবতী— হুট করেই বড় পর্দায় আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটা এক অর্থে ভালোই হলো। একটা টেস্টও হয়ে গেল। বুঝতে পারব, বড় পর্দায় আমাকে দেখার জন্য সবাই কতটা উদ্গ্রীব। তবে এই সিনেমা নিয়ে আমার খারাপ লাগাও আছে।
কেমন সেটা?
আমি ডাবিং করিনি। যখন পরিচালক সময় চেয়েছিলেন, তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। দুই দিন পরে করতে চেয়েছিলাম। তিনি অপেক্ষা করেননি। এটা নিয়ে আমি কষ্ট পেয়েছি। তা ছাড়া আমি এই সিনেমা নিয়ে প্রচারণাও চালাতে পারতাম। কিন্তু আমি পারিনি। পোস্টার দেখে জানতে পেরেছি, আমার সিনেমা মুক্তি পাচ্ছে। অনেকে এও বলেছে, তোমার সিনেমা মুক্তি পাচ্ছে, যেখানে আমি কিছুই জানতাম না।
শুটিং করেছেন কোথায়?
বাংলাদেশ আর ভারতের কলকাতায়। ছয় দিনে পুরো সিনেমার শুটিং শেষ করেছি। এতে তিনটি গান আছে। আমার অভিনয়ের একেবারে শুরুর দিকের কাজ এটা। একজন নতুন অভিনেত্রী হয়ে হয়তো নতুন কিছু দিতে পেরেছি। দুই বছর আগে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার কিছুদিন পর এই সিনেমার শুটিং করি। আমার কাছে, রবীন্দ্রসাহিত্যে কাজ করা স্বপ্নের মতো।
নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য কিছুদিন আগে নাকি আপনি কলকাতায় গেছেন?
সত্যি কথা। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে আলাপ হয়। আমি তো খুঁতখুঁতে স্বভাবের। কলকাতায় যাওয়ার পর শুনলাম, অন্য একটি চরিত্র, আমার মনে হয়েছে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব না। তাই অভিনয় করতে রাজি হইনি।
বিনোদন প্রতিবেদক