হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুহাশপল্লীর ‘বৃষ্টিবিলাস’-এ গতকাল রাত ১২টা এক মিনিটে কেক কাটছেন হিমু পরিবহনের হুমায়ূন-ভক্তরা। ছবি: ওমর ফারুক অনির্বাণ
নুহাশপল্লীর ‘বৃষ্টিবিলাস’-এ গতকাল রাত ১২টা এক মিনিটে কেক কাটছেন হিমু পরিবহনের হুমায়ূন-ভক্তরা। ছবি: ওমর ফারুক অনির্বাণ

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে আজ বুধবার নানা আয়োজন করেন হুমায়ূন ভক্ত একদল তরুণ। তাঁদের পরিচয়, তাঁরা হিমু। তাই তাঁদের ব্যানারের নামও ‘হিমু পরিবহন’।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ থেকে হুমায়ূন আহমেদের গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীর উদ্দেশ্যে রওনা দেয় হিমু পরিবহন। সেখানে পৌঁছার পর হিমু আর নীলারা প্রস্তুতি নেন জন্মদিন পালনের নানা কর্মসূচি।
গতকাল রাত ১২টায় কেক কেটে এই কর্মসূচির সূচনা করা হয়। এর পর নুহাশপল্লীতে প্রদীপ প্রজ্বলন ও হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন। এ সময় এক মিনিট নীবরতার পালনের পর সবাই তাঁকে স্যালুট জানানোর পর প্রথম পর্বের কর্মসূচি শেষ হয়।

এক মিনিট নীবরতার পালনের পর সবাই স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান হিমু পরিবহনের সদস্যরা। ছবি: ওমর ফারুক অনির্বাণ
এক মিনিট নীবরতার পালনের পর সবাই স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান হিমু পরিবহনের সদস্যরা। ছবি: ওমর ফারুক অনির্বাণ

কর্মসূচির দ্বিতীয় পর্বে ছিল নুহাশপল্লীর ‘বৃষ্টিবিলাস’-এ গানের আসর। হিমু পরিবহনের হিমু ও নীলারা হুমায়ূন আহমেদের গান নিয়ে আয়োজন করে এই পর্বের। এর পাশাপাশি পরিবেশন করা হয় ঘেটুপুত্রের নাচ।
হিমু পরিবহনের জুবায়ের কবির তুষার বলেন, ‘স্যারের হিমুকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে স্যারের স্মৃতি অনেকদিন বেঁচে থাকুক।

হিমু পরিবহনের রুহুল আমিন রনি বলেন, `‘হুমায়ুন আহমেদ আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে চিরজীবন থাকবেন। আমরা চাই সারা বিশ্বে হুমায়ূন আহমেদের লেখা ও কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক।'’