হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়ায় শাওন

কথাসাহিত্যিক, নাট্যকার ও পরিচালক হুমায়ূন আহমেদ স্মরণে ঈদে বিশেষ অনুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’ নির্মাণ করছে বাংলাভিশন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন হুমায়ূন-পত্নী মেহের আফরোজ শাওন।
সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। তিন পর্বের এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী। এঁরা হলেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিয়াজ, ফেরদৌস, এস আই টুটুল,সেলিম চৌধুরী ও কুদ্দুস বয়াতী।
অনুষ্ঠান প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ কোনো আয়োজন হবে আর হুমায়ূন আহমেদ স্যারের নাম উচ্চারিত হবে না, এটা অসম্ভব। মূলত সেই ভাবনা থেকেই এ ধরনের একটি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে। আশা করছি ঈদের সময়ে হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে নির্মিত এ ধরনের অনুষ্ঠান দেখে সবারই ভালো লাগবে।’
অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদকে নিয়ে যেকোনো ধরনের আড্ডা আমার ভালো লাগে। আর সেই আড্ডা যদি হয় প্রিয় মানুষদের সঙ্গে, তাহলে তো আরও ভালো।’
শাওন আরও বলেন, ‘“হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া” অনুষ্ঠানের অতিথিদের অনেকের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। এই অনুষ্ঠানে তাঁদের মুখে হুমায়ূন আহমেদের কথা শুনতে পেরে ভালো লেগেছে। পুরোনো স্মৃতি মনে করেছি। অনুষ্ঠানের অতিথি হয়ে আসা সবার সঙ্গে কাজ করেছি। অনুষ্ঠানটির রেকর্ডিংয়ের সময় কাজ করার সময়কার দিনগুলোর কথা বারবার মনে পড়েছে। পুরো সময়টা দারুণ উপভোগ করেছি।’
বাংলাভিশনের একটি সূত্র জানিয়েছে, ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত হবে তিন পর্বের এই অনুষ্ঠানটি।