আমি প্রথম মঞ্চে অভিনয় করি ১৯৮৯ সালে। তখন আমি লক্ষ্মীপুর পিটিআই স্কুলে প্রথম শ্রেণীতে পড়ি। আমার মামাদের ফ্রেঞ্চ নামে একটি নাটকের দল ছিল। ওই দলের সঙ্গে সেই ছোটবেলা থেকেই জড়িত ছিলাম। ফ্রেঞ্চ দলের হয়ে প্রথম সেই সব দিন নাটকে অভিনয় করি। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন আমার মামা মূর্শেদ। নাটকটিতে আমি ছিলাম মুক্তিযোদ্ধার মেয়ে। ভাই থাকে ঢাকায়। যুদ্ধের সময় আমি আর বাবা ভাইকে খুঁজতে ঢাকায় আসি। আমার চরিত্রটি ছিল মঞ্চে শুধুই বাবার সঙ্গে দাঁড়িয়ে থাকা। তখন তো একেবারেই পিচ্চি। মঞ্চে কোনো ভয়ডর বুঝতে পারিনি। তা ছাড়া নাটকটি আমার মামাদের নেতৃত্বেই মঞ্চে এসেছিল, ফলে আমার চরিত্রটি যখন আসে তখন আমার মামা আমাকে ধরে মঞ্চে তুলে দিতেন। আমি মঞ্চে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। এর পর থেকেই স্কুলের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায়। মঞ্চের ভীতি কমে আসে। পরে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ফ্রেঞ্চ নাট্যগোষ্ঠী থেকে হুরমতির ডিভি-১ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করি।