হুমায়ুন আজাদের উপন্যাস ও প্রবন্ধ অবলম্বনে নাটক ‘অনৈতিহাসিক’
হুমায়ুন আজাদের উপন্যাস পাক সার জমিন সাদ বাদ এবং তাঁর সাতটি প্রবন্ধের সংকলন আমার অবিশ্বাস অবলম্বনে তৈরি হয়েছে মঞ্চনাটক অনৈতিহাসিক। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক (টিএসসি) নাটকের দল তীরন্দাজ মঞ্চে আনছে নাটকটি। অনৈতিহাসিক তীরন্দাজের প্রথম প্রযোজনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়। আর প্রদর্শনীটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। নাট্যরূপ দিয়েছেন শাহীন রেজা। তিনি বলেন, ‘বিশ্বে নানা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ওপর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চলেছে কয়েকটি দেশ। তেমনই একটি দল জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে তাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার খেলায় মেতে ওঠে। এই নিয়ে নাটকের গল্প।’ নাটকটির নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। তিনি বলেন, ‘প্রথমত এই নাটকটির নির্দেশনা দেওয়া আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। পাক সার জমিন সাদ বাদ উপন্যাসের ভাবনা নিয়েই নাটকের গল্প তৈরি করা হয়েছে। সম্পূরক হিসেবে অনুসরণ করা হয়েছে হুমায়ুন আজাদের প্রবন্ধ সংকলন আমার অবিশ্বাস। উপন্যাস ও প্রবন্ধের বিষয়ের সঙ্গে সমসাময়িক ঘটনা প্রবাহকে সম্পৃক্ত করে ভিন্ন আঙ্গিকে নাটকটি উপস্থাপন করতে চেয়েছি।’