হুমায়ুন ফরিদীর ৬০তম জন্মদিনের আয়োজন
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরিদী ২৯ মে ৬০ বছরে পা দিচ্ছেন। ফরিদীর সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে দিনটিকে বিশেষভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে অভিনেতা আজাদ আবুল কালামকে আহ্বায়ক এবং নির্মাতা আশরাফুল আলম রিপনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ‘হুমায়ুন ফরিদী জন্মদিন উদযাপন কমিটি’ও গঠন করা হয়েছে।২৯ মে বিকেল পাঁচটায় ছায়ানট অডিটোরিয়ামে কেক কাটার মাধ্যমে উত্সব শুরু হবে। রাত নয়টা পর্যন্ত এ অনুষ্ঠানে সংস্কৃতিজগতের হুমায়ুন ফরিদীর বন্ধুবান্ধব, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।হুমায়ুন ফরিদীর ৬০তম জন্মদিন পালন সম্পর্কে কমিটির সদস্যসচিব আশরাফুল আলম রিপন বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ুন ফরিদীসহ আরও অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ৬০তম জন্মদিন আড়ম্বরের সঙ্গে পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি।’আশরাফুল আলম আরও বলেন, ‘হুমায়ুন ফরিদী এমন আড়ম্বরপূর্ণ জন্মদিন পালনে উত্সাহী ছিলেন না। পরে সবার আগ্রহের কারণেই তিনি রাজি হয়েছেন।’৬০তম জন্মদিন উপলক্ষে হুমায়ুন ফরিদীর বর্ণাঢ্য জীবন নিয়ে একটি বই বের করা হবে বলে জানা গেছে। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের হুমায়ুন ফরিদীর কর্মজীবনের ওপর ১০ মিনিটের একটি তথ্যচিত্রও দেখানো হবে।