হুমায়ূন আহমেদ আমার প্রথম প্রেম
জান্নাতুল ফেরদৌসি পিয়া। প্রথম পরিচয় তিনি একজন র্যাম্প তারকা। এরপর টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। কথা কথায় জানালেন নিজের পছন্দের পুরুষের কথা।

আদর্শ পুরুষ বলতে যা বুঝি
দায়িত্ববোধ, শ্রদ্ধা-সম্মান ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষই আমার কাছে আদর্শ পুরুষ। এ ছাড়া যে মানুষটি সব শ্রেণীর মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবে তাঁকে আদর্শ পুরুষ বলতে চাই। অন্যভাবে যদি বলতে হয় তাহলে বলতে চাই, ‘প্রিটি ওম্যান’ ছবিতে রিচার্ড গিয়ারের চরিত্রটি আমার কাছে আদর্শ পুরুষ হিসেবে ধরা দিয়েছে। আমার কাছে আদর্শ পুরুষ হলেন আমার বাবা।
আমার প্রথম প্রেম
হুমায়ূন আহমেদ আমার প্রথম প্রেম। ছোটবেলায় যখনই নিজের মধ্যে ভালো লাগার জন্ম নিয়েছে তখন থেকেই হুমায়ূন আহমেদের বই আমাকে সঙ্গ দিয়েছে। এখনো দিয়ে যাচ্ছে।
আমার প্রিয় পুরুষ বন্ধু
আমার প্রিয় পুরুষ বন্ধুর নাম ফারুক হাসান। সেই আমার ভালোবাসা। আট বছর ধরেই আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসার মানুষ হলেও সে কিন্তু আমার কাছে বন্ধুর চেয়েও অনেক বেশি।
পাত্র হিসেবে যেমন ছেলেকে পছন্দ
প্রথমত আমাকে বুঝতে হবে। তারপর দায়িত্ববোধ ও ব্যক্তিত্ববোধ সম্পন্ন একজন মানুষ হতে হবে। মতামতের গুরুত্ব থাকতে হবে। এর সব কিছুই আমার ভালোবাসার মানুষটির কাছে রয়েছে। তাই পাত্র হিসেবেও তাঁকে ছাড়া ভাবতে পারি না।
সবচেয়ে সুদর্শন পুরুষ ...
আমার দৃষ্টিতে সবচেয়ে সুদর্শন পুরুষটিকে ছোটবেলায় দেখেছি আর হারিয়েও ফেলেছি সেই ছোটবেলায়। আমার সেই সুদর্শন পুরুষটির নাম সালমান শাহ্। চলচ্চিত্রে তাঁর অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাঁকে পেলে রোমাঞ্চকর অভিসারে নিয়ে যেতাম।
স্বপ্নের পুরুষ সহশিল্পী ...
আমার স্বপ্নের পুরুষ সহশিল্পী বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আলমগীর। যখনই তাঁর ছবি দেখি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। যদি কখনো সুযোগ পাই তাঁর সঙ্গে অভিনয় করতে চাই। সেটা বিপরীতে হতে হবে তেমনটা নয়।
মনজুর কাদের